ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার এ খবর শুনে খাদ্য বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বঞ্চিত চুক্তিবদ্ধ চালকল মালিকেরা। তাঁদের অভিযোগ, মিল মালিকদের গুদামে চাল প্রস্তুত থাকার পরও তাঁরা শুধু জায়গা-সংকটের কারণে সরকারি খাদ্যগুদামে তা সরবরাহ করতে পারেননি।
ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৬২২ মেট্রিক টন। পাশাপাশি ১ হাজার ২৫৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়। খাদ্য বিভাগ জেলার দেড় হাজার মিলারের সঙ্গে চাল সরবরাহের চুক্তিও সম্পন্ন করে। মিলারদের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে ২৫ মে গুদামগুলোতে মিল মালিকেরা চাল সরবরাহ শুরু করেন। কিন্তু গুদামগুলোতে জায়গা-সংকটের কারণে কয়েক দফা চাল সংগ্রহ বন্ধ থাকে। জেলায় ১২টি সরকারি খাদ্যগুদামে সাধারণ ধারণক্ষমতা ৪২ হাজার ৫০০ মেট্রিক টন। তবে জরুরি প্রয়োজনে আর ২৫ ভাগ বেশি খাদ্যশস্য মজুত করা যায়। বর্তমানে গুদামে মজুত রয়েছে ৫৬ হাজার ৬৮১ মেট্রিক টন। ৬ অক্টোবর পর্যন্ত জেলার খাদ্যগুদামে ৪২ হাজার ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার বিপরীতে চাল সংগ্রহ হয়েছে ৫৬ হাজার ৪৩ মেট্রিক টন।
গতকাল বুধবার সকালে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত জানতে পারেন চুক্তিবদ্ধ চালকল মালিকেরা। এতে তাঁদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তাঁরা এক হয়ে বেলা সাড়ে ১১টার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ এলে দপ্তরের তালা খুলে দেওয়া হয়। পরে খাদ্যশস্য সংগ্রহের মেয়াদ বাড়ানোর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
ঠাকুরগাঁও রোড এলাকার মেসার্স ভাইয়া হাসকিং মিলের মালিক মো. এমরান অভিযোগ জানান, সরকারি গুদামে ৭৬০ বস্তা চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে তাঁর চুক্তি হয়। ব্যাংকের সিসি ঋণ নিয়ে সরকারি গুদামে সরবরাহের জন্য চাল প্রস্তুত করেন তিনি। কিন্তু ২০০ বস্তা চাল সরবরাহ করতে পারলেও শুধু জায়গার অভাবে ৫৬০ বস্তা চাল এত দিনে গুদামে দিতে পারেননি। কিন্তু গতকাল খাদ্য অফিসে গিয়ে তিনি জানতে পারেন, আজই চাল সরবরাহের শেষ দিন। খাদ্য বিভাগের এ সিদ্ধান্তে তিন লাখ টাকা ক্ষতি হলো।
পীরগঞ্জ উপজেলার দুই ভাই হাসকিং মিলের মালিক মো. মাসুম আলম দাবি করেন, ১৫ অক্টোবর পর্যন্ত সরকারি গুদামে চাল সরবরাহ করা যাবে বলে খাদ্য বিভাগের লোকজন তাঁকে জানিয়েছিলেন। খাদ্য বিভাগের তথ্য বাতায়নেও চাল কেনার শেষ দিন দেখানো হয়েছে ১৫ অক্টোবর। কিন্তু হঠাৎ করে বুধবার চাল কেনা বন্ধ করে দেওয়ায় তাঁর আট লাখ টাকা ক্ষতি গুনতে হবে।
চালকল মালিক সহিদুর রহমান বলেন, খাদ্য বিভাগ গুদামে জায়গা দিতে পারেনি বলে তাঁরা চাল সরবরাহ করতে পারেননি। এখন তাঁদের চাল ফেলে রেখে অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে অবিচার করা হয়েছে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক চৌধুরী মোবাচ্ছের হোসেন খান জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান শেষ হয়েছে। এ বিষয়ে আপাতত তাঁদের করার কিছুই নেই।