খাদ্য বিভাগের জমিতে খনন করা পুকুর ভরাট শুরু
বগুড়ার আদমদীঘির সান্তাহারে খাদ্য বিভাগের জমি দখল করে খনন করা পুকুর ভরাট করতে শুরু করেছেন দখলদার আবদুল মান্নান। গত বৃহস্পতিবার থেকে শ্রমিক নিয়োগ করে তিনি পুকুর ভরাটের কাজ শুরু করেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে আবদুল মান্নান মাছ চাষের জন্য সান্তাহার সাইলোর রাস্তার দুই পাশে খাদ্য বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে একাধিক পুকুর খনন করেন। এ ঘটনায় পুলিশ গত ২৫ মার্চ তাঁকে আটক করে। বিষয়টি নিয়ে ওই দিন আদমদীঘি থানায় সান্তাহার সাইলোর সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের উপস্থিতিতে সভা হয়। সভায় ১৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে খনন করা পুকুর পুনরায় ভরাট করে দেওয়ার বিষয়ে মুচলেকা দিলে আবদুল মান্নানকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পুকুর ভরাট ও দখল ছেড়ে না দেওয়ায় গত ২৭ মার্চ প্রথম আলোতে এ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন ছাপা হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে আবদুল মান্নান কয়েকজন শ্রমিক দিয়ে পুকুর ভরাটের কাজ শুরু করেন।