খাদ্য বিভাগের দুই কর্মচারীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের দুই কর্মচারীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত চারটার দিকে এ ঘটনা ঘটে।
দুই কর্মচারী হলেন নৈশপ্রহরী বেলাল হোসেন (৪৫) ও গাড়িচালক মাহাবুব আলম (৪০)। রাতেই তাঁদের নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত তিনটার দিকে তিন-চারজনের একদল দুর্বৃত্ত খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পেছন দিয়ে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় নৈশপ্রহরী বেলাল হোসেন বিষয়টি টের পেয়ে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে।
একই সময় চিৎকার শুনে গাড়িচালক মাহবুব আলম এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁকেও কুপিয়ে আহত করে। এ সময় চিৎকার শুনে জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা সরকারসহ আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁদের দুজনকে উদ্ধার করে নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানার জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করে কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে কার্যালয়ের কম্পিউটার অপারেটর মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার পরই বিষয়টি থানায় জানানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চুরির চেষ্টা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।