ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরীক্ষার সরঞ্জামসহ খাদ্য বিশেষজ্ঞের উপস্থিতি ও তাঁর প্রতিবেদন ছাড়া বেকারির মালিকদের সাজা না দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। দিনাজপুরের বেকারির মালিকদের দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। দিনাজপুরের বেকারি মালিকদের পক্ষে হূদয় বেকারির মালিক মো. সাইফুল্লাহ ২ মে হাইকোর্ট বিভাগে রিট করেন। এতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বিএসটিআইয়ের মহাপরিচালক, দিনাজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেটসহ ছয়জনকে প্রতিপক্ষ করা হয়। রিটকারীর পক্ষের আইনজীবী হাসান এম এস আজিম জানান, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহামঞ্চদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ৮ মে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আইন ২০০৯-এর ৫, ৬(১), ৬(২)(৪), ৭, ৮-এর (১) এবং ৯, ১০, ১১, ১৩ এবং ১৫ ধারাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না—মর্মে রুল জারি করেন। এ ছাড়া আদালত পরিচালনাকালে যথাযথ পরীক্ষণ সরঞ্জামাদিসহ বিএসটিআইয়ের খাদ্য বিশেষজ্ঞের উপস্থিতসংক্রান্ত নীতিমালা প্রণয়ন না করার ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ভবিষ্যতে এ ধরনের আদালত পরিচালনার সময় যথাযথ পরীক্ষার সরঞ্জামাদিসহ বিএসটিআইয়ের একজন খাদ্য বিশেষজ্ঞের উপস্থিত থাকার ব্যাপারে কেন নির্দেশনা প্রদান করা হবে না, মর্মে রুল জারি করেন। ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।একই সঙ্গে রুলের শুনানি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে আগামী তিন মাসের জন্য বেকারিগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ভেজাল পরীক্ষার সরঞ্জামাদিসহ একজন খাদ্য বিশেষজ্ঞের উপস্থিতি এবং তাঁর দেওয়া প্রতিবেদন ছাড়া কোনো বেকারিকে জরিমানা বা মালিকদের সাজা প্রদান না করার নির্দেশনা দিয়েছেন আদালত।বেকারি মালিকেরা জানান, দিনাজপুরে মোট ১২৫টি বেকারি রয়েছে। ভ্রাম্যমাণ আদালত যখন-তখন এসে কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বেকারিতে রাখা খাদ্যসামগ্রী ভেজাল উল্লেখ করে শত শত মানুষের সামনে তা রাস্তায় ছুড়ে ফেলে দিতেন, আর্থিক জরিমানা করতেন। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে না পারলে র্যাব ও পুলিশ দিয়ে দোকান ঘেরাও করে জামার কলার ধরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হতো। যোগাযোগ করা হলে দিনাজপরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আদালতের কোনো নির্দেশ তাঁর কাছে আসেনি। তবে নির্দেশনা পেলে সেই অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি জানান।