গতকাল বুধবার প্রথম আলোতে প্রকাশিত ‘ঘুষ দিলেই চাকরি!’ শীর্ষক প্রতিবেদন সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় চাকরি পাওয়ার মতো নিশ্চিত নম্বর পেতে ঘুষ নেওয়ার বিষয়টি প্রতিবেদকের কল্পনাপ্রসূত ও মনগড়া।
এই নিয়োগের জন্য আগে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের চূড়ান্ত বাছাইয়ের জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। মৌখিক পরীক্ষার বোর্ডের কাছে লিখিত পরীক্ষার নম্বরপত্র নেই। ফলে একজন প্রার্থী মৌখিক পরীক্ষায় কত নম্বর পেলে নিশ্চিত চাকরি পাবেন, তা বোর্ডের কারও পক্ষে বলা সম্ভব নয়। লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর যোগ করে বিভিন্ন কোটা পূরণের শর্ত সাপেক্ষে যিনি বেশি নম্বর পাবেন, তিনিই চাকরি পাবেন।
অথচ প্রতিবেদন দেখে মনে হচ্ছে, যেন শুধু মৌখিক পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হচ্ছে। অধিদপ্তরের মহাপরিচালক একজন প্রার্থীর রোল নম্বর পাঠালে এবং বোর্ড বেশি নম্বর দিলেই ওই প্রার্থী কীভাবে চাকরি পাবেন, তা বোধগম্য নয়।
ব্যাখ্যায় বলা হয়, প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রতিনিধিরা ২০ জনের মধ্যে দুজনের তদবিরের বিষয়টি সহজভাবেই গ্রহণ করছেন বলে উল্লেখ করে বলা হয়েছে, তাঁরা জানেনও না যে সংশ্লিষ্ট জেলা থেকে চাকরিই পাবে দুই বা তিনজন। প্রতিবেদকের এমন মন্তব্যে মনে হয়, যেন চাকরির হিসাবটি তাঁর কাছেই রয়েছে এবং বোর্ডের সদস্যদের এসব বিষয় হিসাব করার মতো জ্ঞানের গভীরতাও নেই। আবার ওই প্রতিনিধিরাও তদবির করছেন বলে প্রতিবেদক ঢালাও অভিযোগ করেছেন।
ব্যাখ্যায় বলা হয়, যাঁরা তালিকাভুক্ত হয়েছেন তাঁরা দলীয় বিবেচনায় নয়, ঘুষের বিনিময়ে হয়েছেন বলে প্রতিবেদনে বলা হলেও কার কাছে কে কত টাকা ঘুষ দিয়ে তাঁরা তালিকাভুক্ত হয়েছেন, এমন কোনো দৃষ্টান্ত প্রতিবেদনে নেই। তথ্যপ্রমাণ ছাড়া এমন প্রতিবেদন লেখা উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রতীয়মান হয়।
প্রথম আলোর বক্তব্য: প্রতিবেদনটি মনগড়া কিংবা উদ্দেশ্যপ্রণোদিত নয়, বস্তুনিষ্ঠ। প্রতিদিন মৌখিক পরীক্ষা শুরুর আগে বোর্ডগুলোর কাছে কতিপয় প্রার্থীর যে তালিকা পাঠানো হয় (গতকাল বুধবারও পাঠানো হয়েছে), সেই তালিকাগুলো কী এবং কেন পাঠানো হয়? মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত নম্বর ২০ থেকে বাড়িয়ে ৩০ করা হলো কেন? সর্বশেষ লিখিত পরীক্ষাটি শেষ হয়েছে গত বছরের জুনে। তারপর মৌখিক পরীক্ষা শুরু করতে ১৫ মাস দেরি হলো কেন? এসব বিষয় প্রতিবেদনে থাকলেও মন্ত্রণালয়ের ব্যাখ্যায় কিছু বলা হয়নি। কারণ, এর মধ্যেই লুকিয়ে আছে রহস্য।
ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার জন্য লিখিত পরীক্ষার ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা হয়েছিল বিভাগীয় কমিশনারদের মাধ্যমে। তাঁরা তাতে রাজি না হওয়ায় পরীক্ষা বাতিলেরও উদ্যোগ নেওয়া হয়েছিল। নিয়োগ কমিটি বাতিলের দায়িত্ব নিতে রাজি না হওয়ায় তা-ও করা যায়নি। এসব বিষয়ে আগে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এরপর মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে ফলাফল প্রভাবিত করার বর্তমান পদক্ষেপ নেওয়া হয়। এর মাধ্যমে যে প্রার্থী লিখিত পরীক্ষায় ৭০ নম্বর পেয়েছেন, তাঁর চেয়ে ৫৫ নম্বর পাওয়া প্রার্থীকেও এগিয়ে রাখা সম্ভব। সেই ব্যবস্থাই করা হচ্ছে। চাকরি পাওয়ার জন্য কে কাকে কত টাকা দিয়েছেন, সেই তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই ঠিকই। তবে এটি স্পষ্ট যে যাঁরা ঘুষ দিয়েছেন, তাঁরাই তালিকাভুক্ত হয়েছেন।
ব্যাখ্যায় বলা হয়েছে, অধিদপ্তরের মহাপরিচালক একজন প্রার্থীর ক্রমিক নম্বর পাঠালে বা বোর্ড বেশি নম্বর দিলেই ওই প্রার্থী কীভাবে চাকরি পাবেন, তা বোধগম্য নয়। ঠিক একইভাবে আমাদেরও বোধগম্য নয় যে মহাপরিচালক প্রতিদিন প্রতিটি বোর্ডের কাছে নির্দিষ্ট কিছু প্রার্থীর তালিকা কেন পাঠাবেন।
বোর্ডের সদস্যদের জ্ঞান, যোগ্যতা, দক্ষতা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলিনি। তবে তাঁরা চাকরি করেন বিধায় ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারেন না। তার পরও অনেকে যে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত থাকছেন না, এ কথাও তো ঠিক।