খাদ্য সম্পূরক ও প্রসাধনসামগ্রীকে ওষুধ আইনের আওতায় আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার খাদ্য সম্পূরক ও প্রসাধনসামগ্রীকে ওষুধ আইনের আওতায় আনার পরিকল্পনা করছে। গতকাল সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

বিএনপির শাম্মী আক্তার তাঁর প্রশ্নে বলেন, ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে উচ্চমানের ভিটামিনের নামে নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ আমদানি এবং এসব ওষুধ খাদ্য সম্পূরক হিসেবে ওষুধের দোকানে বিক্রি হচ্ছে।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভিযোগ আংশিক সত্য। বিশ্বের উন্নত দেশে খাদ্য সম্পূরকের সামগ্রিক বিষয়টি ওষুধ প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে খাদ্য সম্পূরক ওষুধ প্রশাসন অধিদপ্তরের আওতার বাইরে, যে কারণে এ নিয়ে বিভ্রান্তি ও অপচিকিৎসার সুযোগ রয়েছে। সে জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিয়ে থাকেন। মন্ত্রী আরও জানান, খাদ্য সম্পূরক উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের বিষয়টি আমলে নিয়ে খাদ্য সম্পূরক ও প্রসাধনসামগ্রীকে জরুরি ভিত্তিতে ওষুধ আইনের আওতায় আনার পরিকল্পনা আছে।

ফজলে রাব্বী মিয়ার সম্পূরক প্রশ্নের জবাবে রুহুল হক বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী নতুন চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে দুই বছর মফস্বলে থাকতে হয়। এঁদের মধ্যে কেউ কেউ উচ্চশিক্ষার জন্য প্রেষণে ঢাকায় চলে আসেন। এ ক্ষেত্রে সরকারি আইন অনুযায়ী তাঁরা বেতন-ভাতা পেয়ে থাকেন। আমরা এই আইন পরিবর্তনের পক্ষে।’

বিএনপির রেহানা আক্তারের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, গত ২২ ফেব্রুয়ারি কতিপয় দুষ্কৃতকারী বায়তুল মোকাররম মসজিদে অপ্রীতিকর ঘটনা ঘটায়। তারা মসজিদ থেকে মিছিল বের করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা মসজিদের কার্পেটে অগ্নিসংযোগ করে এবং উত্তর দিকের ফটক ভেঙে ফেলে। সে জন্য মুসল্লিদের নিরাপদে নামাজ আদায়ের সুবিধার্থে দুই শুক্রবার জাতীয় মসজিদের উত্তর দিকের ফটক বন্ধ রাখা হয়।

সরকারি দলের তাজুল ইসলাম তাঁর প্রশ্নে বলেন, ধর্মে উল্লেখ আছে, এক মুসলমান অন্য মুসলমানকে নাস্তিক বলতে পারে না। কিন্তু সমাজে একে অন্যকে নাস্তিক বলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই প্রবণতা রোধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না? জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, বিষয়টি স্পর্শকাতর বলে সরকার তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে আলেমদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।