খাদ্য সরবরাহের কাজে অনিয়ম, ঘাপলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য (পথ্য) সরবরাহের দরপত্রে অনিয়ম-দুর্নীতি ও ঘাপলার অভিযোগ পাওয়া গেছে। সিভিল সার্জন মোটা অঙ্কের উৎকোচ নিয়ে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে অন্য একজনকে কার্যাদেশ দিয়েছেন। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহের জন্য দরপত্র আহ্বান আহ্বান করা হয়। কিন্তু সিভিল সার্জনের মনোনীত ব্যক্তিকে কাজ দেওয়া সম্ভব না হওয়ায় তিনি ২৫ জুলাই দরপত্রটি বাতিল করেন। পরে চলতি মাসের প্রথম সপ্তাহে পুনঃ দরপত্র আহ্বান করা হয়। এই কাজের জন্য ১২টি শিডিউল বিক্রি হলেও জমা পড়ে মাত্র সাতটি। যাচাই-বাছাই কমিটি দরপত্রগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সর্বসম্মতিক্রমে সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিকাদার সাইফুল ইসলাম অভিযোগ করেন, নিয়মানুযায়ী সর্বনিম্ন দরদাতাকে খাদ্য সরবরাহের দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ প্রভাবিত হয়ে বেশি দরদাতাকে কাজ দিয়ে অনিয়ম করেছেন। ফলে ঠিকাদারেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঠিকাদার শাহ মো. সেলিম অভিযোগ করেন, শিডিউলে কমপক্ষে ১৫টি খাদ্য আইটেম বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে সেই শিডিউল বাতিল হবে। কিন্তু দরপত্রে অংশগ্রহণকারী সর্বনিম্ন দরদাতা শাহ মো. সেলিমের দেওয়া ১৫টি আইটেমের ১৩টি, দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা সাইফুল ইসলামের ১৫টি আইটেমের সবকটি ও তৃতীয় সর্বনিম্ন দরদাতা রওশন আলমের ১৫টি আইটেমের আটটি বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। সিভিল সার্জন রফিকুল ইসলাম বলেন, শিডিউলের নিয়মানুযায়ী দরপত্র বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক রওশন আলমকে খাদ্য সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম-দুর্নীতি ও ঘাপলা হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুজ্জামান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, দরপত্র বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তৃতীয় নিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদানের ব্যাপারে তাঁরা কোনো মন্তব্য করেননি।