খাদ্য সাহায্যের হিসাবে ঘাটতি পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই যাত্রা অনিশ্চয়তায় ভরা, এই পথ কেবলই ক্লান্তির। সীমান্ত পেরিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত বৃদ্ধ বাবা। তাঁকে কাঁধে নিয়ে হেঁটে চলেছেন সন্তান সফিক মিয়া। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা পরিবারের এই ছবি টেকনাফের শাহপরীর দ্বীপের তিনপুলের মাথা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো
এই যাত্রা অনিশ্চয়তায় ভরা, এই পথ কেবলই ক্লান্তির। সীমান্ত পেরিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত বৃদ্ধ বাবা। তাঁকে কাঁধে নিয়ে হেঁটে চলেছেন সন্তান সফিক মিয়া। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা পরিবারের এই ছবি টেকনাফের শাহপরীর দ্বীপের তিনপুলের মাথা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র ফ্রান্সিস কেনেডি রোম থেকে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ার কারণে খাদ্য সহায়তার পরিমাণ নির্ধারণ করতে তাঁদের বেগ পেতে হচ্ছে। নতুন আসা রোহিঙ্গার স্রোতের কারণে তাঁদের হিসাবে ঘাটতি পড়ছে। এই পরিস্থিতি তহবিল সংকটে ভোগা সংস্থাটির জন্য নতুন চাপ তৈরি করেছে।

ফ্রান্সিস কেনেডি জানান, জাতিসংঘ গতবৃহস্পতিবার বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের সংখ্যা তিন লাখ নির্ধারণ করায় ডব্লিউএফপি অনুদান সংগ্রহের পরিমাণ আরও বাড়িয়েছে। নবাগত রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সাহায্য সংগ্রহের পরিমাণ ১ কোটি ৩৩ লাখ ডলার (১০৯ কোটি টাকা, প্রতি ডলার ৮২ টাকা হিসেবে) নির্দিষ্ট করা হয়েছে। অথচ বুধবার মাত্র ২৪ ঘণ্টা আগে ডব্লিউএফপি নবাগত রোহিঙ্গাদের জন্য ১ কোটি ১৩ লাখ ডলার (৯২ কোটি ৬৬ লাখ টাকা) দরকার বলে নির্দিষ্ট করেছিল। তার মানে, ২৪ ঘণ্টার ব্যবধানে অতিরিক্ত ২০ লাখ ডলারের (১৬ কোটি টাকা) বেশি ডলার জোগাড়ে নামতে হচ্ছে তাঁকে।

অপর এক প্রশ্নের উত্তরে ফ্রান্সিস জানান, গত মধ্য জুলাইয়ে উত্তর রাখাইনের একাধিক এলাকায় খাদ্য বিতরণ স্থগিত করতে হয় ডব্লিউএফপিকে। এরপর ২৫ আগস্টের পরে মধ্য রাখাইনে রোহিঙ্গাদের মধ্যে নিয়মিত খাদ্য বিতরণও স্থগিত হয়ে যায়।

উল্লেখ্য, ২৫ আগস্ট রাখাইন প্রদেশের কয়েকটি তল্লাশিচৌকিতে উগ্রবাদীদের হামলার পরপরই পুলিশ ও সামরিক বাহিনী সেখানে জঙ্গিবিরোধী অভিযানের নামে দমন-পীড়ন শুরু করলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ভূখণ্ডে রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের ঢল নামে।

ই-মেইলে গতকাল তাঁকে প্রশ্ন করা হয়, ঢাকায় অনেকেই মনে করেন এবং আপনারা নতুন সহিংসতার পরে খাদ্যসহায়তা সম্পূর্ণ স্থগিত করেছেন। আর সেটা কিছুটা লঘুভাবে হলেও বাংলাদেশমুখী রোহিঙ্গা স্রোত তৈরিতে একটা ভূমিকা রাখতে পারে। এটা আবার কখন চালু হতে পারে? এর উত্তরে ফ্রান্সিস বৃহস্পতিবার অপরাহ্ণে বলেন, ‘আমরা বর্তমানে রাখাইনে খাদ্য বণ্টন করতে অপারগ। জাতিসংঘ এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করে চলছে। এর লক্ষ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব রাখাইনে আমরা আমাদের মানবিক কর্মসূচি চালু করতে পারি। আমরা আরও আশা রাখি, সামনের দিনগুলোতে মধ্য রাখাইনের আইডিপি ক্যাম্পগুলোতে খাদ্য বিতরণ পুনরায় চালু করা সম্ভব হবে।’

উল্লেখ্য, এর আগে এই প্রতিবেদকের রোম অবস্থানকালে গত ১৬ জুলাই প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সিস বলেছিলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা উদ্বাস্তুদের শিবির ও অস্থায়ী ত্রাণশিবিরে খাদ্যসহায়তা দিতে বছরে ২ কোটি ৩০ লাখ ডলার দরকার। কিন্তু এ পর্যন্ত দাতাদের কাছ থেকে পাওয়া গেছে ৯০ লাখ মার্কিন ডলার। আগামী ১২ মাসে দাতাদের কাছ থেকে আরও ১ কোটি ৪০ লাখ ডলারের খাদ্যসহায়তা সংগ্রহ করতে হবে।

কিন্তু উল্লিখিত পরিমাণ সাহায্য সংগ্রহের আগেই গত সপ্তাহে আরাকানে নতুন সংঘাত সৃষ্টি হয়েছে, যা রোহিঙ্গা উদ্বাস্তুর সংখ্যা আরও বৃদ্ধি করেছে। ওই ১ কোটি ৪০ লাখ ডলারের ঘাটতির সঙ্গে এখন আরও ১ কোটি ৩০ লাখ অর্থাৎ মোট ২ কোটি ৭০ লাখ ডলার জোগাড় করতে হবে। কিন্তু এই তহবিল সংগ্রহের অবস্থাটি কী জানতে চাইলে ফ্রান্সিস কেনেডি বলেন, ১৬ জুলাই পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ডলার ঠিক ছিল। কিন্তু গত ছয় সপ্তাহে মাঠের অবস্থা বেশ বদলে গেছে এবং সময়ের সঙ্গে তহবিল জোগাড়ের বিষয়টিও বদলাচ্ছে। আবার অনুদান এবং অন্যান্য ফ্যাক্টরও বিবেচনায় রাখতে হচ্ছে।