খাদ্যগুদাম কর্মকর্তা কারাগারে
পাওনাদারকে বাড়িতে ডেকে মারধরের অভিযোগে দিনাজপুরের বিরল উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর
রশিদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় খাদ্যগুদাম কর্মকর্তা আবদুর রশিদ গত বৃহস্পতিবার জামিন নিতে দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হন। তখন বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
মামলার বাদী মোস্তাফিজুর শহরের সুইহারী এলাকার মেসার্স মনি এন্টারপ্রাইজের মালিক। তিনি আবদুর রশিদের ভাই শহরের বড় বন্দর এলাকার মাসুদ রানার কাছে ব্যবসা সূত্রে ১৬ লাখ ১০ হাজার ৬৯৬ টাকা পান বলে জানান। মাসুদ রানা ওই টাকা পরিশোধে তাঁর নামে একটি চেক দেন। শর্ত ছিল, যথাসময়ে নগদ টাকা দিয়ে মাসুদ রানা চেকটি ফেরত নেবেন। ওই টাকার বিষয়ে মাসুদ রানার দুই ভাই আবদুর রশিদ ও আবদুল আজিজ জামিনদার ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, টাকা পরিশোধসহ বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৩ সালের ১ নভেম্বর তারিখে আবদুর রশিদ পাওনাদার মোস্তাফিজুরকে তাঁদের বড় বন্দর মহল্লার বাড়িতে ডেকে পাঠান। মোস্তাফিজুর তাঁর বন্ধু দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার সিরাজুল ইসলামকে নিয়ে ওই বাড়িতে যান। তাঁদের নগদ আট লাখ টাকা দিয়ে মোস্তাফিজুরকে দেওয়া ১৬ লাখ ১০ হাজার টাকার চেকটি ফেরত চান আবদুর রশিদ। কিন্তু মোস্তাফিজুর পুরো টাকা না পেলে চেক ফেরত দিতে অস্বীকার করলে তিন ভাই মাসুদ, আবদুর রশিদ ও আবদুল আজিজ তাঁদের লোকজন নিয়ে মোস্তাফিজুর ও সিরাজুলকে বেধড়ক মারধর করেচেকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের চিৎকারে পথচারীরা এগিয়ে এসে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পরদিন ২ নভেম্বর আবদুর রশিদসহ তিন ভাই ও অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন মোস্তাফিজুর।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপরাধ তদন্ত) আবুল হাসনাত গতকাল রোববার বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। তা ছাড়া সাক্ষীদের সাক্ষ্য বিবেচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নাজমুল হোসেন আবেদন নাকচ করে আবদুর রশিদসহ অন্য আসামিদের কারাগারে পাঠান।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদির বলেন, ঘটনাটি খাদ্য কর্মকর্তা আবদুর রশিদের পারিবারিক। খাদ্য কর্মকর্তার জেলে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত এলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।