খাদ্যগুদাম চত্বরে জলাবদ্ধতা

সামান্য বৃষ্টিতেই নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি খাদ্যগুদাম চত্বরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে গুদামে মালামাল ওঠানো-নামানোতে মিল মালিক ও শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া এক পাশের সীমানাপ্রাচীর ধসে পড়ায় অরক্ষিত হয়ে পড়েছে খাদ্যগুদামটি।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, গুদামের প্রধান ফটকের অল্প দূরেই মালামাল ওঠানো-নামানোর স্থান। ট্রাক থেকে বস্তাভর্তি চাল গুদামে নিচ্ছেন শ্রমিকেরা। সেখানে কাদাপানি একাকার। পুরোনো ভবনের সামনে পানি জমে আছে। দক্ষিণ পাশের ১০০ ফুটের বেশি সীমানাপ্রাচীরের ইট খসে পড়েছে। সেখানে বাঁশ ও কাঠের বেড়া দেওয়া হয়েছে।
খাদ্যগুদামটিতে ১৫ বছর ধরে ট্রাকে মালামাল ওঠানো-নামানোর কাজ করছেন লবির উদ্দিন। তিনি বলেন, ‘সামান্য বৃষ্টিতেই গুদামের সামনের জায়গায় হাঁটুপানি জমে যায়। এ জন্য আমরা ঠিকমতো কাজ করতে পারি না। পা পিছলে গেলে অনেক সময় চালের বস্তা নিয়ে কাদার মধ্যে পড়তে হয়। চাল ভিজে গিয়ে নষ্ট হয়। মরতে মরতে ফিরা আসি। আবার গুদামের পুরোনো ভবনটির ছাদের সিমেন্ট-বালু খসে পড়ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জীবন হাতে নিয়ে কাজ করতে হচ্ছে।’
মহাদেবপুর মিতু চালকলের স্বত্বাধিকারী মোতাহার হোসেন বলেন, ‘খাদ্যগুদামের ভেতর কাদাপানিতে ভরে আছে। অবস্থা এতটাই খারাপ যে সেখানে ট্রাকচালকেরা আসতে চান না। আবার এলেও অতিরিক্ত ভাড়া চান। চালের বস্তা কাদা-পানিতে পড়ে গেলে নষ্ট হয়ে যায়। জীবনের ঝুঁকি থাকায় শ্রমিকদেরও বেশি মজুরি দিতে হচ্ছে। এ ছাড়া সীমানাপ্রাচীর ভেঙে যাওয়ায় রাতের বেলা চুরি-ডাকাতির আশঙ্কা রয়েছে। এ জন্য লোড-আনলোডের ট্রাক রাখা যায় না।’
গুদামের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাতাজি খাদ্যগুদামের প্রথম ভবনটি নির্মাণ করা হয় ১৯৭৭ সালে। পরে ১৯৯৫ ও ২০০৪ সালে আরও দুটি ভবন নির্মাণ করা হয়। ৫০০ টন করে তিনটি ভবনের মোট ধারণক্ষমতা ১ হাজার ৫০০ টন। মাতাজি হাটবাজারে পানি নিষ্কাশনের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। কয়েকটি কাঁচা নালা থাকলেও ময়লা-আবর্জনা জমে আছে। এতে পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটে। বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকার চেয়ে খাদ্যগুদাম চত্বর বেশ নিচু। ফলে সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুল ইসলাম বলেন, মালবোঝাই ট্রাক আসা-যাওয়া করার কারণে গুদাম চত্বরে অনেক স্থানে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া গুদামের পার্শ্ববর্তী পাকা রাস্তা ও আশপাশের এলাকার চেয়ে গুদাম চত্বর নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। এতে শ্রমিকদের ভোগান্তি বাড়ছে।
এ ব্যাপারে নওগাঁ জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মহাজের হাসান বলেন, গুদাম চত্বর নিচু হওয়ায় রাস্তার পানি ভেতরে চলে আসে। এ জন্য গুদাম চত্বর উঁচু করাসহ ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা জরুরি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। দু-এক মাসের মধ্যে এসব কাজের জন্য প্রকল্প পাওয়া যেতে পারে।