খাদ্যগুদাম থেকে সরবরাহ বন্ধ
টানা অবরোধে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি), সাইলো ও আঞ্চলিক খাদ্যগুদাম (এলএসডি) থেকে সব ধরনের খাদ্য সরবরাহ ও পরিবহন বন্ধ হয়ে গেছে। এ কারণে বেকার হয়ে পড়েছেন এসব গুদামে কর্মরত প্রায় ছয় শ শ্রমিক।
খাদ্য সরবরাহ বন্ধ থাকায় সরকারি বিভিন্ন প্রকল্প, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার রেশনিং কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
আদমদীঘি উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার সিএসডি, সাইলোসহ বিভিন্ন গুদামের খাদ্য ধারণক্ষমতা প্রায় ৯২ হাজার মেট্রিক টন। এর মধ্যে বর্তমানে সিএসডি খাদ্যগুদামে ২৯ হাজার মেট্রিক টন চাল ও সাইলোতে প্রায় সাত হাজার মেট্রিক টন গম মজুত রয়েছে।
এ ব্যাপারে সান্তাহার সিএসডির ব্যবস্থাপক শামসুল হক জানান, অবরোধের জন্য গুদামে খাদ্য মজুত ও সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, এসব গুদামের চাল দেশের বিভিন্ন এলাকায় সরকারের ওএমএস কার্যক্রম, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সংস্থার রেশনিং কাজে ব্যবহার করা হয়ে থাকে। সরবরাহ বন্ধ থাকায় ওই সব কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গুদাম শ্রমিক বাদল হোসেন আক্ষেপ করে বলেন, ‘আমরা হাসিনা, খালেদাকে চিনি না। আমরা কাজ চাই ও কাজ করে পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বাঁচতে চাই।’ আরেক শ্রমিক বেলাল হোসেন জানান, গুদামে কাজ না থাকায় অনেক শ্রমিক ভ্যান ও রিকশা চালিয়ে রোজগার করে অনেক কষ্টে তাঁদের সংসার চালাচ্ছেন।
সান্তাহার সিএসডির শ্রমিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন জোয়ারদার প্রথম আলোকে জানান, উপজেলার বিভিন্ন গুদামে প্রায় ছয় শ শ্রমিক কাজ করেন। অবরোধের জন্য এসব গুদাম থেকে খাদ্য সরববরাহ বন্ধ রয়েছে। তাই শ্রমিকদের কাজ নেই।