খাদ্যগুদাম নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ খাদ্যগুদাম নির্মাণে ঠিকাদারের লোকজন নিম্নমানের ইট-বালু ও কম সিমেন্ট ব্যবহার করছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। ঢাকার বিজয়নগরের এনএন বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ভোমরাদহ খাদ্যগুদামের নির্মাণকাজ বাস্তবায়ন করছে। নির্মাণ শুরু হয়েছে গত মার্চ মাসের শেষ সপ্তাহে।
এনএন বিল্ডার্সের প্রকৌশলী মশিউর রহমান বলেন, চলতি বছর সারা দেশে ১০৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার খাদ্যগুদাম নির্মাণ প্রকল্পের আওতায় কয়েক শ গুদাম হচ্ছে। প্রকল্পের ডব্লিউ ডি-১ প্যাকেজের আওতায় ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে এক হাজার মেট্রিক টন ধারণক্ষমতার পৃথক পাঁচটি খাদ্যগুদাম নির্মাণ চলছে ভোমরাদহ, পঞ্চগড়ের পাঁচপীর, দিনাজপুরের ঘোড়াঘাট, চিরিরবন্দর ও চরকাইতে।
ভোমরাদহ খাদ্যগুদামের আশপাশের একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, ওই গুদামের সীমানাপ্রাচীর নির্মাণে নিম্নমানের ইট-বালু ও কম সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এখন চলছে কোয়ার্টার নির্মাণের কাজ। স্থানীয় খনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের ছেলে তারেক হোসেন ও তাঁর বন্ধু বেলাল হোসেন সেখানে নিম্নমানের ইট সরবরাহ দিচ্ছেন। বালু আনা হচ্ছে কাছের পুকুর থেকে। তারেক ও বেলাল এসব ইট-বালুর সাব-ঠিকাদারি নিয়েছেন।
ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ মো. ইমদাদুল হক সম্প্রতি পীরগঞ্জ ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ভোমরাদহ খাদ্যগুদাম নির্মাণে ১ নম্বর ইট ও নদীর বালু ব্যবহারের কথা থাকলেও সেখানে ২ নম্বর ইট ও আশপাশের পুকুর থেকে এনে নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছে। তারেক হোসেন কম দামে ইট কিনে এনে গুদামে সরবরাহ করছেন।
ঠিকাদারের আরেক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘১ জুন পর্যন্ত প্রায় ৯০ হাজার ইটের কাজ সম্পন্ন হয়েছে। এসব ইট সরবরাহ করছেন তারেক হোসেন। তিনি আমাদের কথা শুনেন না। ইিতমধ্যে অনেক ইট ফেরত দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে তারেক হোসেন মুঠোফোনে গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘কে ইট-বালু সরবরাহ দিচ্ছে এ বিষয়ে ঠিকাদার বলবেন আমি কেমনে বলব। আমি কোনো মন্তব্য করতে চাই না।’
ভোমরাদহ ইউপি চেয়ারম্যান মো. হিটলার হক বলেন, ‘নিম্নমানের ইট ও বালু দিয়ে কাজ চলছে। নিয়মের তোয়াক্কা না করে বালুর সঙ্গে সিমেন্ট দেওয়া হচ্ছে কম। বাধা দিলেও কেউ কথা শুনে না। নিজের খেয়ালখুশিমতো কাজ করছেন।’
খাদ্য বিভাগের নির্মাণকাজ দেখাশোনার দায়িত্বে নিয়োজিত আঞ্চলিক প্রকৌশলী (উত্তরাঞ্চল) কার্তিক বর্মণ গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমি ভোমরাদহ খাদ্যগুদামে একবার গিয়েছিলাম তখন কোনো অভিযোগ পাইনি। আমি আবার সেখানে গিয়ে ইট বালু সিমেন্টের অভিযোগ খতিয়ে দেখব।’