যমুনা নদীর ভাঙনের মুখে পড়ায় গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের খাদ্যগুদামটি পাঁচ লাখ এক হাজার টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। এর আগে বুধবার রাতে গুদামটির সীমানাপ্রাচীর নদীগর্ভে চলে গেছে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ বলেন, ভাঙনের কারণে খাদ্যগুদামটি নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। ভাঙনের ভয়াবহতার কথা উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে।
জানা গেছে, গত এক সপ্তাহের ভাঙনে চৌহালীর দেড় শতাধিক ঘরবাড়ি, মিটুয়ানী বিএস বালিকা উচ্চবিদ্যালয়সহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। উজান থেকে নেমে আসা পাহািড় ঢল আর বৃষ্টির পানিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে৷ একই সঙ্গে জেলা সদর ও চৌহালী উপজেলায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে৷
ইতিমধ্যে সদর উপজেলার বাহুকা, পাঁচঠাকুড়ী, শুভগাছা, চাঁদনগর, বালুঘুঘরী ও শিমলা এবং চৌহালী উপজেলার মিছরিগাঁতি, খাসধলাই, জোতপাড়া, ঘোড়জান, খাস কাউলিয়া, শৈলজানা, মিটুয়ানি, বাগুটিয়া, হাটাইলসহ নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার বালুঘুঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই এলাকায় গত বছর নির্মাণ করা অস্থায়ী বন্যানিয়ন্ত্রণ বাঁধটি এখন নদী থেকে মাত্র ১০ মিটার দূরে অবস্থান করছে। এসব এলাকার প্রায় তিন কিলোমিটারজুড়ে পাঁচ শতাধিক হেক্টর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর পাড়ে স্তূপ করে রাখা পাউবোর কোটি টাকার সিসি ব্লক নদীগর্ভে চলে যাচ্ছে।
বালুঘুঘরী এলাকার বাঁধের ওপর আশ্রয় নেওয়া বাসিন্দা ইয়াকুব আলী জানান, বাহুকা এলাকায় নদীতে বাঁধ নির্মাণের কাজ শুরুর পর অজ্ঞাত কারণে তা বন্ধ করে দেওয়া হয়। বাঁধের কাজ চালু থাকলে এবার আর ভাঙন শুরু হতো না। যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে এ বাঁধের কাছে নদী আসতে আর এক সপ্তাহ সময় লাগবে। বাহুকা গ্রামের আবদুস সালাম বলেন, নদীতে পানির ঢেউ অস্বাভাবিকভাবে বাড়ছে। এই এলাকার আবাদি জমি এবং পাউবোর জমা করে রাখা সিসি ব্লকগুলো ধসে নদীর মধ্যে চলে যাচ্ছে। এ বিষয়ে পাউবোর কর্মকর্তাদের জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থাই নিচ্ছেন না৷
সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি৷ চৌহালী উপজেলার নদীভাঙন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রকাশ ঘোষ জানান, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। বিষয়টি পাউবোর প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হবে।