খাদ্যগুদামে কর্মকর্তা নেই ধান-চাল ক্রয় বন্ধ
বগুড়ার ধুনটের গোসাইবাড়ী সরকারি খাদ্যগুদামের কর্মকর্তা না থাকায় ধান-চাল ক্রয়সহ যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে চলতি মৌসুমে গুদামে ধান-চাল বিক্রি করতে না পারায় এলাকার কৃষকেরা সরকারি ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় কৃষক সূত্র জানায়, উপজেলার চিকাশি, গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়নের কৃষকের ধান-চাল ক্রয়ের জন্য গোসাইবাড়ী ইউনিয়ন সদরে ১ হাজার ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি সরকারি খাদ্যগুদাম রয়েছে। চলতি মৌসুমে ওই তিনটি ইউনিয়নের চালকলমালিকদের কাছ থেকে সরকারিভাবে ৫০০ মেট্রিক টন চাল ও ১৫০ মেট্রিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত হয়। গত ২৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল ক্রয়ের কথা। এ অবস্থায় গত ১৮ মে ওই গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান আকন্দ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর জেলা খাদ্য বিভাগ থেকে গোসাইবাড়ী খাদ্যগুদামের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই এলাকার কৃষকেরা সরকারি মূল্যে গুদামে ধান বিক্রি করতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। চালকলমালিক ও ব্যবসায়ীরা ওই গুদামের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও চাল সরবরাহ করতে না পেরে হতাশায় পড়েছেন। এ ছাড়া গুদামে রক্ষিত ধান, চাল ও গম নষ্ট হতে চলেছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গোসাইবাড়ী খাদ্যগুদামের প্রধান ফটকসহ গুদামে তালা ঝোলানো। গোসাইবাড়ী এলাকার কৃষক ফজলুল হক বলেন, মৌসুমের সময় হাটবাজারে ধানের দাম কম থাকে। এ কারণে সরকারি গুদামে ধান বিক্রি করতে পারলে ভালো হয়। এ সময় গুদাম বন্ধ রাখায় বিপাকে পড়েছেন কৃষকেরা।
চালকলমালিক লিয়াকত আলী বলেন, ‘খাদ্যগুদামের সঙ্গে চাল দেওয়ার চুক্তি স্বাক্ষরিত হলেও গুদাম কর্মকর্তা মারা যাওয়ায় চাল বিক্রি করতে পারছি না। এতে আমরা সরকারি ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছি।’
উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুবল চন্দ্র বৈদ্য বলেন, গোসাইবাড়ী খাদ্যগুদামের কর্মকর্তার মৃত্যুর কারণে সেখানকার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ওই গুদামে কর্মকর্তা চেয়ে জেলা খাদ্য কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। নতুন কর্মকর্তা না আসা পর্যন্ত এ অবস্থার অবসান হবে না।
ইউএনও হাফিজুর রহমান বলেন, খাদ্যগুদামের কর্মকর্তা না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বগুড়ার জেলা খাদ্যগুদাম কর্মকর্তা জামাল হোসেন বলেন, দু-এক দিনের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গোসাইবাড়ী গুদামে নতুন কর্মকর্তা পাঠানো হবে।