খাদ্যগুদামে গম না থাকায় প্রকল্প সভাপতিরা বিপাকে
রাজশাহীর বাগমারায় খাদ্যগুদামে গম মজুত না থাকায় কাবিখা ও টিআরের ১১৫টি প্রকল্পের সভাপতিরা বরাদ্দ উত্তোলন করতে পারছেন না। এক মাস ধরে ডিও নিয়ে জমা দিলেও তাঁরা খাদ্যশস্য না পাওয়ায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিপাকে পড়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্র জানায়, চলতি অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে টিআরের ৬৮ ও কাবিখার ৪৭টি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ৭০০ মেট্রিক টন খাদ্যশস্য (গম) বরাদ্দ দেওয়া হয়। ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পগুলোর কাজ বাস্তবায়ন করার কথা। এ জন্য প্রকল্প সভাপতিরা জানুয়ারি মাসের শুরুতে কাজ শুরু করে বরাদ্দ নেওয়ার জন্য পিআইওর দপ্তরে কমিটি দাখিল করেন। এরপর তাঁদের কমিটি অনুমোদন দিয়ে বরাদ্দ ছাড়ের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তার দপ্তরে ডিও পাঠান। বরাদ্দের প্রায় ২০০ মেট্রিক টন গম ছাড়ের জন্য খাদ্য অফিসে ডিও পাঠানো হয়েছে। আরও প্রায় ৫০০ মেট্রিক টন গমের ডিও পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। তবে খাদ্য অফিসে গিয়ে ডিওগুলো আটকে আছে। এক মাস ধরে বরাদ্দের কোনো খাদ্যশস্য দিতে পারছে না খাদ্য বিভাগ।
গণিপুর ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, তিনি কাবিখা প্রকল্প বাস্তবায়নের জন্য কাগজে বরাদ্দ পেলেও এখনো গম উত্তোলন করতে পারেননি। গুদামে কোনো গম মজুত নেই বলে তাঁকে জানানো হয়েছে।
উপজেলার খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) পি এ করিম জানান, পরিবহন শ্রমিকদের কিছু দাবির কারণে খুলনা থেকে গম আনা সম্ভব হচ্ছে না। এ কারণে তাঁরা ডিও পেলেও গম দিতে পারছেন না।
এদিকে এক মাস ধরে প্রকল্পের গম না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন প্রকল্প সভাপতিরা। ভবানীগঞ্জ শিশু ও শিল্পকলা একাডেমীর উন্নয়ন প্রকল্পের সভাপতি বাবলুর রহমান জানান, তিনি ৬ জানুয়ারি ডিও পেলেও বরাদ্দের গম উত্তোলন করতে পারেননি। নিরুপায় হয়ে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করেছেন। এ ছাড়া বরাদ্দ না পাওয়ায় অনেক প্রকল্পের কাজ শেষ হচ্ছে না। মোজাফ্ফর হোসেন নামের এক প্রকল্প সভাপতি জানান, তিনি প্রকল্পের আংশিক বাস্তবায়ন করেছেন। বরাদ্দ না পাওয়ায় প্রকল্প শেষ করতে পারছেন না।
পিআইও আলাউদ্দিন জানান, তাঁর দপ্তর থেকে বরাদ্দ ছাড়ের ২০০ মেট্রিক টনের ডিও দেওয়া হয়েছে। এখনো ৫০০ মেট্রিক টনের ডিও প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা হচ্ছে না।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আনোয়ার প্রথম আলোকে জানান, এর আগে বিভিন্ন প্রকল্পের জন্য গম বরাদ্দ দেওয়ায় এখন গুদামে কোনো গম মজুত নেই। তবে নতুন করে ৭০০ মেট্রিক টন গমের চাহিদাপত্র পাঠানো হয়েছে। ওই গম এখনো পাওয়া যায়নি। পেলেই দেওয়া হবে।