খাদ্যগুদামে চাল ক্রয়ে অনিয়ম, ১৪০১ বস্তা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা খাদ্যগুদামের এক হাজার ৪০১ বস্তা খাবার অনুপযোগী আতপ চাল জব্দ করা হয়েছে। চাল সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ এমরান হোসেন গত বুধবার চালগুলো জব্দ করেন।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, চলতি মৌসুমে সরকারিভাবে স্থানীয় উপজেলা খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠে। কোনো প্রকার যাচাই-বাছাই না করেই ইউএনও কার্যালয়কে উপেক্ষা করে নিম্নমানের চাল সংগ্রহ করা হচ্ছিল। বুধবার দুপুর ১২টার দিকে ইউএনও সরেজমিনে গিয়ে খাদ্যগুদামে রক্ষিত এক হাজার ৪০১ বস্তা আতপ চালের মধ্যে ৩০ থেকে ৩৫টি বস্তার চালের নমুনা পরীক্ষা করেন। এতে প্রায় সবগুলো বস্তার চাল লালচে ও দুর্গন্ধযুক্ত খাবার অনুপযোগী বলে দেখা গেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, ২৩ মে থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়।বুধবার সরেজমিনে খাদ্যগুদামে দেখা যায়, উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগরের মেসার্স ভাই ভাই রাইস মিল থেকে একটি ট্রাকে করে ২০০ বস্তা (১০ মেট্রিক টন) চাল খাদ্যগুদামে আনা হয়েছে। পরে ইউএনও ওই চাল পরীক্ষা করে খাবারের অনুপযোগী হওয়ায় ফেরত পাঠান। এ সময় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক শফিকুল ইসলাম ও উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।ইউএনও বলেন, চাল সংগ্রহে অনিয়মের বিষয়টি শুনে সরেজমিনে সত্যতা পাওয়া গেছে। গুদামের এক হাজার ৪০১টি বস্তায় থাকা প্রায় ৭০ মেট্রিক টন আতপ চাল জব্দ করা হয়েছে।