গম পাচারের অভিযোগে গ্রেপ্তার নাটোর সদরের সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) সাদাত হোসেনের জামিন আবেদন গতকাল বুধবার নামঞ্জুর করেছেন আদালত। এদিকে তাঁর মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে রাজশাহী বিভাগীয় খাদ্য পরিদর্শক সমিতি। এ কারণে বিভাগের সব সরকারি খাদ্যগুদাম থেকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধ রয়েছে।
জানতে চাইলে আইনজীবী লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল নাটোরের আমলি আদালতের (সদর) জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমীন তাঁর মক্কেল সাদাত হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেন। অভিযোগটি দুর্নীতি দমন আইনের আওতায় করা হয়েছে, তাই নিম্ন আদালত তাঁর আবেদনটি বিবেচনা করার সুযোগ পাননি। তিনি শিগগিরই জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করবেন।
রাজশাহী বিভাগীয় খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, সাদাত হোসেনের মুক্তির দাবিতে গতকাল সকাল থেকে ধর্মঘট শুরু করেছেন তাঁরা। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। তাঁর দাবি, ‘ভিত্তিহীন অভিযোগে’ এই কর্মকর্তাকে রাতের আঁধারে গ্রেপ্তার করে জেলহাজতে আটকে রাখা হয়েছে।
গতকাল দুপুরে সদর উপজেলা খাদ্যগুদামে গিয়ে দেখা যায়, খাদ্যপণ্য সরবরাহ বন্ধ রয়েছে। কার্যালয়ের কর্মচারী আবদুর রহিম বলেন, ‘ওসি-এলএসডি স্যার অত্যন্ত ভালো মানুষ। হাজতবাস করার মতো তিনি কোনো অন্যায় করেননি।’
এদিকে শহরের হক ফ্লাওয়ার মিলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। কারখানাটির মালিক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের সই করা বিবৃতিতে বলা হয়েছে, খোলাবাজারে ময়দা সরবরাহের জন্য তাঁর কারখানাকে ৩৫ মেট্রিক টন গম সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছিল। তিনি ওই গমের মূল্য ব্যাংকে জমা দিয়েছেন, কিন্তু কারখানার গুদামে জায়গা না থাকায় এবং পরিবহন সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে খাদ্যগুদাম থেকে গম সংগ্রহ করতে পারেননি। এ কারণে তিনি সময় বাড়ানোর লিখিত দরখাস্ত দিয়েছিলেন। অথচ ক্যাবের একজন কর্মকর্তার উসকানিতে প্রশাসন ঘটনাটি বড় করে দেখছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে গম সংগ্রহ করতে না পারার ব্যাপারে হক ফ্লাওয়ার মিল খাদ্যগুদাম কর্মকর্তাকে যে দরখাস্ত দিয়েছে, তা সঠিক ছিল না। দরখাস্তটি দেওয়া উচিত ছিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে। খাদ্যগুদাম কর্মকর্তা দরখাস্তটি গ্রহণ করায় তাঁর বিরুদ্ধে অনৈতিকভাবে লাভবান হওয়ার সন্দেহ সৃষ্টি হয়েছে। এটা তদন্ত করে নিশ্চিত করতে হবে।
গত সোমবার ক্যাবের অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) ফারজানা খানম অভিযান চালান। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তিনি ১০ টন গম খাদ্যগুদাম চত্বর থেকে জব্দ করেন। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামাণিক বাদী হয়ে সোমবার রাতে খাদ্যগুদাম কর্মকর্তা সাদাত হোসেনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।