খাদ্যগুদামে পচা চাল তোলার অভিযোগ
ভোলার বোরহানউদ্দিন খাদ্যগুদামে ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে ৩০০ টন পচা চাল ঢোকানোর অভিযোগ উঠেছে। তবে খাদ্য বিভাগ বিষয়টি অস্বীকার করেছে।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, মেসার্স জন্মভূমি পরিবহনের একটি কার্গো ২৯৯ দশমিক ৯৫৫ টন চাল নিয়ে চার দিন আগে মংলা বন্দর থেকে ছেড়ে আসে। ১৪ জানুয়ারি বোরহানউদ্দিন খাদ্যগুদামে কার্গোটি নোঙর করে। ওই দিন থেকে বুধবার পর্যন্ত এই চাল খালাস করে গুদামে তোলা হয়।গুদামের কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, গুদামে তোলা চালের পুরোটাই পচা ও দুর্গন্ধযুক্ত।ভোলা জেলা চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এরফানুর রহমান বলেন, গুদামে পচা চালের সঙ্গে ভালো চাল রাখলে ভালো চাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা যায়, গুদামের সামনে পচা চালের স্তূপ ও বেশ কিছু পচা চাল রোদে শুকাতে দেওয়া হয়েছে। ওই চাল থেকে গন্ধ বেরোচ্ছে।বোরহানউদ্দিন খাদ্যগুদামের কর্মকর্তা মেজবাহ উদ্দিন খান অভিযোগ অস্বীকার করে জানান, কোনো পচা চাল গুদামে রাখা হয়নি। যে পরিমাণ চাল জাহাজ থেকে খালাস করা হয়েছে, তার মধ্যে পাঁচ-ছয় টন নষ্ট হতে পারে। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবোধ কুমার হালদার জানান, পচা চাল গুদামে প্রবেশের অভিযোগটি সত্য নয়।বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন জানান, ওই পচা চাল যাতে বিতরণ করা না হয়, সে বিষয়ে নজর রাখা হয়েছে।