খাদ্যগুদামে ফড়িয়াদের কাছ থেকে ধান কেনায় বঞ্চিত কৃষক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সরকারি খাদ্যগুদামে ফড়িয়াদের কাছ থেকে ধান কেনায় কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
দিনাজপুর খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি জুন মাস থেকে সরকারি গুদামে ধান কেনা শুরু হয়। উপজেলা থেকে ১ হাজার ৯৭৫ মেট্রিক টন ধান কিনতে বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষকেরা যাতে ধানের ন্যায্যমূল্য পান, এ কারণে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনার কথা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, বিধি অনুযায়ী সরকারি সংগ্রহ অভিযান নিশ্চিত করতে ইউএনও এহেতেশাম রেজার নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা হামিম আশরাফ, উপজেলা খাদ্য কর্মকর্তা মধুসূদন দত্ত ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একটি ক্রয় বাছাই কমিটি গঠন করা হয়। আগ্রহী কৃষি কার্ডধারী কৃষকদের নাম তালিকাভুক্তির জন্য কমিটির সঙ্গে যোগাযোগ করতে এলাকায় প্রচার ও মাইকিং করা হয়। জমা হওয়া কার্ড ও নাম বাছাই করে কমিটি ৩৮৩ জন কৃষকের নাম বাছাই করে। তালিকাভুক্ত কৃষকেরা ১ জুন থেকে গুদামে ধান বিক্রি শুরু করেন। কিন্তু গত বৃহস্পতিবার খাদ্য অফিসে খোঁজ নিয়ে জানা যায়, বরাদ্দের ৯০ ভাগ ধান কেনা হয়েছে, যেখানে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান নেওয়া হয়নি।
উপজেলার বাসুদেবপুর গ্রামের কৃষক ওয়াজেদুর রহমান বলেন, তিনি স্থানীয় মাদিলাহাট খাদ্যগুদামে ধান বিক্রি করতে গিয়ে ফিরে এসেছেন।
রসুলপুর গ্রামের কৃষক আবুল কাশেম, আবদুল ওয়াহাব, রুস্তম আলী, মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বারবার অনুরোধ করা হয়। কিন্তু তিনি কৃষকদের অনুরোধ উপেক্ষা করে তাঁদের (কৃষকদের) চোখের সামনেই এলাকার চিহ্নিত ফড়িয়া ধান ব্যবসায়ীদের কাছ থেকে ধান কেনেন।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা মধুসূদন দত্ত বলেন, উপজেলা সদর ও মাদিলাহাট এলএসডি গুদামে ১ জুন থেকে উপজেলা কমিটির দেওয়া তালিকা অনুযায়ী কার্ডধারী কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়। ১৪ জুন খাদ্য বিভাগ থেকে নতুন একটি নির্দেশনা আসে। ওই নির্দেশনা অনুযায়ী কার্ডধারী কৃষকদের কাছ থেকে খাদ্য কর্মকর্তাদের গুদামে ধান কেনার ক্ষমতা দেওয়া হয়। এ সুযোগে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপজেলা কমিটির তালিকার বাইরে কৃষকদের কাছ থেকে ধান কেনেন। গত বৃহস্পতিবারের মধ্যে ৯০ ভাগ ধান কেনা শেষ হয়।
ফুলবাড়ী খাদ্যগুদামের খাদ্য কর্মকর্তা মাহফুজ আল হাসান বলেন, সদর খাদ্যগুদামের জন্য ৯৭০ মেট্রিক টন ধান বরাদ্দ আছে। এর মধ্যে উপজেলা কমিটির তালিকা অনুযায়ী ১৬ জুন পর্যন্ত ৮০ জন কৃষকের কাছ থেকে ১৫০ মেট্রিক টন ধান কেনা হয়েছে। পরে গত ১৬ জুন খাদ্য বিভাগের নতুন নির্দেশনা পাওয়ার পর কয়েক দিনে তালিকার বাইরের কার্ডধারী কৃষকদের কাছ থেকে ৭০০ মেট্রিক টন ধান কিনেছেন। ২৮ জুনের মধ্যে বরাদ্দের সব ধান কেনা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়ীর মাদিলাহাট খাদ্যগুদামের এক কর্মকর্তা বলেন, এই গুদামে বোরো ধান ক্রয়ে সরকারি বরাদ্দ আছে ১ হাজার ৫ মেট্রিক টন। উপজেলা ক্রয় কমিটির তালিকা অনুযায়ী ১৬ জুন পর্যন্ত কার্ডধারী কৃষকের কাছ থেকে মাত্র ১০০ মেট্রিক টন ধান কিনেছেন। পরে খাদ্য বিভাগের নতুন নির্দেশনায় কৃষকদের কাছ থেকে তিনি ৯২৫ মেট্রিক টন ধান কিনেছেন। ২৮ জুনের মধ্যে অবশিষ্ট ৮০ মেট্রিক টন ধান কিনবেন।
এ ব্যাপারে ইউএনও এহেতেশাম রেজা বলেন, তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান কেনা চলছিল। পরে খাদ্য বিভাগ থেকে আসা নতুন নির্দেশনা অনুযায়ী ১৪ জুন থেকে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তারা তালিকার বাইরে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করেন। ফলে তালিকাভুক্ত কৃষকেরা আর সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেননি।