খাদ্যগুদামের কর্তাকে তাৎক্ষণিক বদলি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাল সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়াকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক গতকাল বুধবার দুপুরে আসাদুজ্জামানকে বদলির আদেশ দেন। উপজেলা প্রশাসন সূত্র ও স্থানীয় লোকজন জানান, চলতি মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠে। গত ২৩ জুলাই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ এমরান হোসেন সরেজমিনে খাদ্যগুদামে রাখা চালের নমুনা পরীক্ষা করেন। সেখানে বিবর্ণ ও দুর্গন্ধযুক্ত চাল পাওয়া যায়। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) রিপন চাকমা গত সোমবার সরেজমিনে তদন্ত করে অনিয়মের প্রমাণ পান। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া গতকাল বলেন, বদলির আদেশ-সংক্রান্ত কোনো পত্র তিনি হাতে পাননি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফজলুর রহমান স্বাক্ষরিত এক পত্রে আসাদুজ্জামানকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে।