খাদ্যগুদামের সামনে ট্রাকের সারি, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালক আবদুল মতিন নওগাঁ খাদ্যগুদামের সামনের রাস্তায় ট্রাকে নিজের আসনে বসে অলস সময় কাটাচ্ছেন। ১১ দিন ধরে নওগাঁ-সান্তাহার সড়কে ধানবোঝাই ট্রাক নিয়ে অপেক্ষা করছেন তিনি। তাঁর মতো অনেকেই রাস্তার দুপাশে ট্রাক পার্ক করে ১৫-২০ দিন ধরে অপেক্ষা করছেন।
গুদামে ধান নামাতে বিলম্ব হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এভাবে রাস্তার দুপাশে সারি করে ট্রাক রাখায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকছে শহরের প্রধান সড়কটিতে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরবাসী।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, শহরের কাজীর মোড় থেকে মুক্তির মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দুপাশে সারি করে ৭০-৮০টি ধানবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। সড়কে রিকশা, ইজিবাইক, পিকআপ ভ্যানসহ অন্যান্য গাড়ি যানজটের কারণে আটকে রয়েছে। গুদামের ভেতরেও অন্তত ৫০টি ট্রাক মালামাল নামানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
গুদামে ধান দিতে আসা কৃষক ছামছুর রহমান, জাহিদুর মণ্ডল, রফিকুল ইসলামসহ ছয়-সাতজন কৃষক বলেন, সাত থেকে আট দিন ধরে তাঁদের ট্রাক রাস্তায় পড়ে আছে। অথচ অনেকে পরে এসে প্রভাব খাটিয়ে ট্রাক থেকে মালামাল নামিয়ে চলে যাচ্ছেন। অনেকে গুদামের কর্মকর্তাদের উৎকোচ দিয়ে আগে সিরিয়াল নিচ্ছেন। এদিকে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এতে ট্রাকের ধান ভিজে রং নষ্ট হচ্ছে। দ্রুত ধান নামাতে না পারার কারণে পরিবহনের খরচ প্রতিদিন বেড়ে যাচ্ছে।
যানজটে আটকা পড়া রিকশাযাত্রী রিজিয়া খাতুন বলেন, ‘প্রায় আধঘণ্টা হলো এখানে যানজটে রিকশা আটকে আছে। কখন ছাড়বে তা-ও বুঝতে পারছি না।’
ইজিবাইকের চালক ছায়েদ আলী বলেন, প্রতিবছর এ সময়ে গুদামের সামনে যানজট তৈরি হয়। গুদামে ধান সংগ্রহ শেষ না হওয়া পর্যন্ত এ দুর্ভোগ চলবে।
গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) অরুণ কুমার বলেন, প্রতিদিন গড়ে প্রায় ১০০ মেট্রিক টন ধান গুদামে ঢোকানো হচ্ছে। স্বাভাবিক গতিতেই ট্রাক থেকে ধান নামানো হচ্ছে। সোমবারও ৩৫টি ট্রাক গুদাম চত্বরে ঢুকেছে। এবার সদরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা আড়াই হাজার মেট্রিক টন। ইতিমধ্যে ১ হাজার ৮০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। ‘আগে এলে আগে পাবেন’ নীতিতে ধান নেওয়া হচ্ছে। গুদামে নেওয়ার সময় ধানের মান যাচাই, পরিমাপসহ বিভিন্ন নিয়মকানুনের কারণে ট্রাক থেকে ধান নামাতে দেরি হচ্ছে। ধান সংগ্রহে কোনো অনিয়ম হচ্ছে না।
নওগাঁর ট্রাফিক পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘ধান সংগ্রহকে কেন্দ্র করে যে যানজটের সৃষ্টি হয়েছে, তা দূর করার জন্য গুদাম কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। গুদামের সামনের রাস্তায় যেসব ট্রাক দাঁড় করানো হয়েছে, সেগুলোকে সড়কের পাকা অংশের নিচে পার্ক করতে বলছি। এরপরও অন্য যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটছে। এই সমস্যা দূর করার জন্য সব সময় ট্রাফিক পুলিশ মোতায়েন রেখেছি।’