খাদ্যগুদামের ২০ টন চাল জব্দ গ্রেপ্তার ২
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সরকারি খাদ্যগুদাম থেকে পাচারের সময় গত মঙ্গলবার রাতে ট্রাকসহ ২০ টন চাল জব্দ করেছে পুলিশ৷ এ সময় ট্রাকের চালক তোফাজ্জল হোসেন (৪৬) ও সহকারী সেকেন্দার আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়৷
পুলিশ জানায়, ওই গুদাম থেকে জেলা খাদ্যগুদামে স্থানান্তর করার নামে এসব চাল চোরাকারবািরদের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়৷ এ ঘটনার সঙ্গে খাদ্য বিভাগের পরিবহন ঠিকাদারেরা জড়িত রয়েছেন বলে জানা গেছে৷
পুলিশের কাছে এবং ঘিওর খাদ্যগুদাম কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঘিওর খাদ্যগুদাম থেকে ২০ টন চাল নিয়ে একটি ট্রাক বের হয়৷ এ সময় পুলিশ এসব চালের চালানের কাগজপত্র দেখতে চাইলে চালক তোফাজ্জল তা দেখিয়ে বলেন, এসব চাল মানিকগঞ্জ সদর খাদ্যগুদামে নেওয়া হচ্ছে৷ এতে সন্দেহ হলে পুলিশ ওই ট্রাকটিকে অনুসরণ করে৷ কিন্তু ট্রাকটি মানিকগঞ্জ সদরে না ঢুকে ঢাকার দিকে যেতে থাকে৷ পরে রাত তিনটার দিকে ঘিওর থানার পুলিশ ঢাকার ধামরাই উপজেলার বাথুলি এলাকায় ট্রাকটিকে আটক করে৷
ঘিওর থানার ওসি শওকত আলম বলেন, এ ঘটনার সঙ্গে খাদ্য বিভাগের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷