খাদ্যদ্রব্যে রাসায়নিক মেশানোর প্রতিবাদে মানববন্ধন
যথাযথ তদারকি না থাকায় প্রতিনিয়ত খাদ্যদ্রব্যে মেশানো হচ্ছে ফরমালিনসহ নানা বিষাক্ত রাসায়নিক পদার্থ। মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশ; যার প্রভাব পড়ছে মানবদেহে। দেখা দিচ্ছে পেটের পীড়া এবং কিডনি ও লিভারের নানা ধরনের জটিল ব্যাধি। খাদ্যদ্রব্যে ফরমালিন ও বিষাক্ত রাসায়নিক ব্যবহারের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে জনস্বার্থ রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জনস্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক দেওয়ান ফকরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের পক্ষে কাজ করছে বললেও বাস্তবে তারা খাদ্যদ্রব্যে রসায়নিকের ব্যবহার বন্ধে কোনো ভূমিকা রাখছে না। অনতিবিলম্বে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সব বাজারে ফরমালিন ডিহাইড্রেট মেশিন স্থাপনেরও দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে। কর্মসূচিতে কমিটির সদস্যসচিব মো. মুনাওয়ারুল ইসলাম, হিরণ কুমার দাস, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সমন্বয়ক ইমরান হাবিব, মনিষা চক্রবর্তী, শুভংকর চক্রবর্তী, শাহ আজিজুর রহমান, আনোয়ারুল হক প্রমুখ বক্তব্য দেন।