খাদ্যনিরাপত্তা অর্জনে গবাদিপশুর উৎপাদন বাড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাদ্যশস্য উৎপাদনে অগ্রগতি হলেও আমরা গবাদিপশু উৎপাদনে অনেক পিছিয়ে রয়েছি। স্থায়ী খাদ্যনিরাপত্তা অর্জনে শুধু ফসল উৎপাদনই যথেষ্ট নয়, পাশাপাশি গবাদিপশুর উৎপাদনও বাড়াতে হবে। এ লক্ষ্যে পশুবিজ্ঞানীদের একযোগে কাজ করে যেতে হবে।’গতকাল শনিবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের গ্যালারিতে আয়োজিত ‘ব্ল্যাকবেঙ্গল ছাগলের জনপ্রিয়তায় নীতিমালা প্রণয়ন, অংশীদারিত্বমূলক অংশগ্রহণ ও বিস্তার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বরেণ্য পশুবিজ্ঞানীরা এসব কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ এবং ব্ল্যাকবেঙ্গল ছাগল সংরক্ষণ প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক মো. আলী আকবর। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এস এম বুলবুল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারী।প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল বলেন, খাদ্যশস্যের পাশাপাশি প্রাণিজ আমিষ উৎপাদনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। গবাদিপশুর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রায়োগিক পদ্ধতি উদ্ভাবনে পশুবিজ্ঞানীদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে।সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক খান শহীদুল হক এবং ডিপার্টমেন্ট অব লাইভস্টক সার্ভিসের (ডিএলএস) মহাপরিচালক মো. আশরাফ আলী।বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) প্রতিনিধি ডেভিড আর নোটার, বাকৃবি পশুপালন অনুষদের ডিন এম এ সামাদ খান, পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রধান শামসুল আলম ভূঞা প্রমুখ।