আধুনিক কৃষির জন্য যে পুঁজি, ঝুঁকি এবং যৌথ মেধার প্রয়োজন, তার জন্য দরকার গণমুখী কৃষিভিত্তিক সমবায়ব্যবস্থা। খাদ্য নিরাপত্তা এবং পাঁচ কোটি মানুষের দারিদ্র্য দূর করতে হলে এর বিকল্প নেই।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার ‘খাদ্য নিরাপত্তা ও খুদে কৃষকের সমবায় আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় এই অভিমত দেন বক্তারা। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজিত এই সভায় মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত।আবুল বারকাত বলেন, এ দেশে সমবায়ের ইতিহাস ৫০০ বছরের হলেও ভূমিহীন প্রান্তিক মানুষ সমবায় গঠন করে দারিদ্র্য ঘুচিয়েছেন, তার উদাহরণ নেই। এ দেশে সমবায় সাধারণ মানুষের নেতৃত্বে হয়নি। আলোচনা সভার প্রধান অতিথি সাংসদ রাশেদ খান মেনন বলেন, সমবায় আন্দোলন সমবায়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সরে গেছে। স্বার্থান্বেষী ব্যক্তিরা জমি, ঋণসহ নানা সুযোগ পাওয়ার জন্য সমবায় করে এবং অর্থ লোপাট করে। সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো. হুমায়ুন খালিদ বলেন, সমবায় আন্দোলনের ব্যর্থতার কারণ স্বতঃস্ফূর্তভাবে তা গঠিত হয়নি।বেসরকারি প্রতিষ্ঠান নিজেরা করির সমন্বয়ক খুশী কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণাকেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো বিমল কুমার সাহা, অধ্যাপক রওশন আরা প্রমুখ।