খাদ্যনিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে কর্মশালা
বহির্বিশ্বে দিন দিন বাড়ছে বাংলাদেশি চিংড়ির মূল্য। এ মূল্যবৃদ্ধিকে ত্বরান্বিত করতে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) ও বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে চিংড়ির খাদ্যনিরাপত্তা ও গুণগত মান উন্নয়নবিষয়ক ছয় দিনব্যাপী এক কর্মশালা গতকাল শনিবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের সভাকক্ষে শুরু হয়েছে। মৎস্য অধিদপ্তরের একটি প্রকল্পের (বেস্ট) জাতীয় পরিচালক ছালেহ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন এম এ ওহাব। কর্মশালায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিডোর আন্তর্জাতিক ও জাতীয় বিশেষজ্ঞ টি এস শেঠি, এম এ মজিদ, মো. কামাল ও মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেস্ট প্রকল্পের জাতীয় সমন্বয়ক খন্দকার রাশিদুল হাসান। ছয় দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা-প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিডোর বিশেষজ্ঞসহ মোট ৫০ জন অংশ নেন।