খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কাফকোতে গ্যাস সরবরাহের দাবি
দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) কারখানায় অবিলম্বে গ্যাস সরবরাহ শুরুর দাবি জানিয়েছেন এ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। গতকাল বুধবার কারখানার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কর্মকর্তারা এ দাবি জানান। সভায় বক্তরা বলেন, কাফকো ১৮০ দিন ধরে বন্ধ রয়েছে। একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান হলেও এখন কাফকোর উৎপাদিত সব সারই সরকার নিয়ে নিচ্ছে। ফলে দেশের খাদ্য উৎপাদনের স্বার্থেই প্রতিষ্ঠানটির উৎপাদন স্বাভাবিক রাখা উচিত। দেশে বর্তমানে যতটা সার কারখানা রয়েছে তার মধ্যে প্রযুক্তির দিক দিয়ে কাফকোই সবচেয়ে আধুনিক। বক্তারা বলেন, গত সাত বছরে কাফকো থেকে সরকার ইউরিয়া সার নিয়েছে প্রায় ৩০ লাখ টন। পুরোদমে গ্যাস সরবরাহ পেলে কাফকোতে বছরে ইউরিয়া উৎপাদনের পরিমাণ সাত লাখ ৫৬ হাজার টন। কিন্তু গত এক বছরের মধ্যে গতকাল পর্যন্ত উৎপাদন হয়েছে মাত্র দুই লাখ ৯১ হাজার ৮২৩ টন। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ইউরিয়া সার উৎপাদন কমেছে। মতবিনিময় সভায় কর্মকর্তারা বলেন, সারা দেশে একটি অপপ্রচার রয়েছে যে কাফকো দেশের জন্য একটি ক্ষতিকর প্রতিষ্ঠান। অথচ এ কারখানায় গ্যাস বিক্রি করে কেবল কর ও লভ্যাংশ হিসেবেই গত সাত বছরে সরকার সাত হাজার কোটি টাকা (৮৫ কোটি মার্কিন ডলার) আয় করেছে। এ অর্থ দিয়ে দেশে আরও দুটি ইউরিয়া সার কারখানা করা সম্ভব। মতবিনিময় সভায় মূল বক্তব্য দেন কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ। আরও বক্তব্য দেন কাফকোর চিফ অপারেশন ম্যানেজার শফি আহমেদ, মহাব্যবস্থাপক (কারিগরি) খুরশিদ আলম, মহাব্যবস্থাপক (যান্ত্রিক) নাজমুল আরেফিন প্রমুখ।