খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে ইউএসএআইডি
বরিশাল ও খুলনা বিভাগের ২০ জেলার ৯০ উপজেলায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে সাহায্য সংস্থা ইউএসএআইডি। এই অঞ্চলের ক্ষুদ্র কৃষি এবং কৃষিপণ্য বাজারজাত করতে আগামী পাঁচ বছরে সংস্থাটি এক কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে। একই সঙ্গে তারা নারী উদ্যোক্তা সৃষ্টিতেও কাজ করবে।
গতকাল বুধবার বেলা ১১টায় বরিশালের সেলিব্রেশন পয়েন্টে এগ্রো-ইনপুট রিটেইলারস নেটওয়ার্ক (এআইআরএন) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন ইউএসএআইডির এগ্রো-ইনপুটস প্রজেক্ট (এআইপি) প্রধান মার্ক ট্রেসি। মার্ক ট্রেসি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করতে চায়। অলাভজনক প্রকল্প হিসেবে এখানকার কৃষিপণ্যনির্ভর এই প্রকল্প গড়ে তুলতে কাজ করা হবে। খাদ্য-নিশ্চয়তার সঙ্গে পুষ্টির বিষয়টিও বিবেচনায় রাখা হবে। সবচেয়ে বড় কথা হলো, এখানকার পণ্য উৎপাদন করে যেন তা বাজারজাত করা সহজ হয়, সে ব্যবস্থাও করা হবে।
মার্ক ট্রেসি আরও বলেন, তিন হাজার খুচরা বিক্রেতাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৩০ জন নারী থাকবেন। বর্তমানে এই কার্যক্রম ঢাকা, খুলনা ও বরিশালে চালু আছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এআইআরএনের উপদেষ্টা আবু সালেহ মুহাম্মদ সাইফুল্লাহ, সমন্বয়ক মকসুদ আলী, সদস্য আলমগীর ফরিদ, উপদেষ্টা মাহবুব আলম, মাজেদা বেগম, ফাহিম তালুকদার প্রমুখ।