খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
খাদ্য উৎপাদন বাড়াতে বাংলাদেশকে এ বছর ২০ মিলিয়ন মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রধান রাজীব শাহ গতকাল বুধবার হোটেল সোনারগাঁতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ঢাকায় অনুষ্ঠানরত দুই দিনের খাদ্যনিরাপত্তা বিনিয়োগ ফোরামে যোগ দিতে তিনি গত মঙ্গলবার ঢাকায় আসেন। রাজীব শাহ জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ—সব মিলিয়ে বাংলাদেশের জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাটা বিরাট চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র অংশীদারির ভিত্তিতে এ সমস্যা সমাধানে আগ্রহী। এক প্রশ্নের জবাবে ইউএসএআইডি প্রশাসক জানান, সহযোগিতার ক্ষেত্রে এবার যুক্তরাষ্ট্র ভিন্ন একটা অবস্থান নিয়েছে। খাদ্যনিরাপত্তা অর্জনে কী ধরনের কর্মসূচি বা প্রকল্প নেওয়া হবে, তা সুবিধা ভোগকারী দেশগুলোই নির্ধারণ করবে। আগের মতো ওয়াশিংটন ডিসি বা রোম থেকে কোনো সিদ্ধান্ত আসছে না।ঠিক কোন কোন খাতে যুক্তরাষ্ট্র অর্থ বিনিয়োগ করবে—এমন প্রশ্নের জবাবে রাজীব শাহ বলেন, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এড়াতে বিভিন্ন শস্যের উদ্ভাবনে আগ্রহ দেখিয়েছে। খাদ্যের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টিমানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহের জন্য গবেষণা করে এর ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে চান বাংলাদেশের গবেষকেরা। এসব কাজে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।এই অর্থ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে ব্যয় করা হবে। পুরো প্রক্রিয়ায় যুক্ত থাকবে কৃষি গবেষক, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো।তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পরই ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যেই গত বছর লা কুইলাতে জি-৮ সম্মেলনে তিনি বিশ্বনেতৃত্বকে উজ্জীবিত করেছেন। এ ছাড়া গ্লোবাল ফুড সিকিউরিটি ট্রাস্ট ফান্ড গঠিত হয়েছে। পৃথিবীর দেড় বিলিয়ন ক্ষুধার্ত মানুষ যেন খাদ্যসংকট থেকে বেরিয়ে আসতে পারে সে উদ্দেশ্য নিয়েই এখন তাঁরা কাজ করছেন।বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আরও কিছু দেশে মার্কিন যুক্তরাষ্ট্র খাদ্যনিরাপত্তা অর্জনে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। এর আগে বাংলাদেশকে পাঁচ বছরে ২২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় মার্কিন সরকার। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, বিদ্যুৎ ও জ্বালনি খাতেও মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।