সেনেগালের রাজধানী ডাকারে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের একাদশ বৈঠক চলাকালে খাদ্য ও ভূমিনিরাপত্তাসহ পরিবেশ রক্ষার দাবিতে সেখানে সোচ্চার হয়ে উঠে বিভিন্ন সংগঠন ও পরিবেশবাদীরা। তারা সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে নিজেদের দাবির পক্ষে ফোরামের নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। গত ৬ ফেব্রুয়ারি এ বৈঠক শুরু হয়। গতকাল শুক্রবার বৈঠক শেষ হওয়ার কথা।খনিজ সম্পদ উত্তোলনের নামে প্রাকৃতিক সম্পদ ধ্বংস রোধ এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ওপরই পরিবেশবাদীরা বেশি মনোযোগী হন। পেরুর প্রতিনিধিদলের পক্ষ থেকে খনিজ সম্পদ উত্তোলনের নামে কীভাবে মানুষকে জমিজমা থেকে উচ্ছেদ করে ভূমিহারা ও বাস্তুচ্যুত করা হচ্ছে, তা ফোরামে তুলে ধরা হয়। তারা মানুষের ভূমির অধিকার নিশ্চিত করারও দাবি জানান।ফ্রান্স ও নেপালের কয়েকটি সংগঠন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় বিভিন্ন দেশের সরকারের প্রতি। একটি কর্মশালায় সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, প্রতিটি মানুষ যেন সহজে খাদ্য পায়, সেটি নিশ্চিত করতে হবে নিজ নিজ দেশের সরকারকে। এ ব্যাপারে তাদের নীতি নির্ধারণ করতে হবে।নাইজেরিয়ার নারীদের একটি সংগঠন বিভিন্ন তেল কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ করেছে ডাকারে। তারা পরিবেশ বিপর্যয় রোধে শেল, শেভরনসহ বিভিন্ন তেল কোম্পানিকে তাদের দেশ থেকে চলে যাওয়ার দাবি জানায়। বিক্ষোভ মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, ‘পরিবেশদূষণ বন্ধ করো, আমাদের নারী ও শিশুদের বাঁচাও’।