খাদ্যনিরাপত্তায় অগ্রগতি ধরে রাখাই ভবিষ্যতের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় অগ্রগতির যে ধারা অব্যাহত রয়েছে, ভবিষ্যতে তা ধরে রাখাই হবে এই খাতের চ্যালেঞ্জ। ‘জাতীয় খাদ্যনীতি কর্মপরিকল্পনা ও দেশের বিনিয়োগ পরিকল্পনা পরিবীক্ষণ প্রতিবেদন ২০১৫ ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় খাদ্য মন্ত্রণালয়ের ‘খাদ্য পরিকল্পনা ও পরিবীক্ষণ ইউনিট (এফপিএমইউ)’ এই প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল বুধবার সিরডাপ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইফকাৎ।
জাতীয় খাদ্যনীতি কর্মপরিকল্পনা অনুযায়ী খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ২৬টি ক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার কথা। এর মধ্যে রয়েছে পুষ্টির অপর্যাপ্ততা, কম ওজন ও খর্বাকৃতির শিশুর বিষয়। এই সময়ে এ তিনটি ক্ষেত্রে জোর দেওয়ার ফল কী হয়েছে, তা পরিবীক্ষণ করে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিনটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়ে এসেছে। কিন্তু চার বছর ধরে খাবারে পুষ্টির অপর্যাপ্ততা বেড়েছে। তবে কম ওজন ও খর্বাকৃতির ক্ষেত্রে বিশেষ অগ্রগতি অব্যাহত রয়েছে। এখন নারী ও পুরুষের মজুরির ব্যবধান কমানোর দিকে বিশেষ নজর দিতে হবে।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সরকার সবার জন্য যথাযথ পুষ্টিমানসম্পন্ন খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। খাদ্যনিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্যও নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার। তিনি বলেন, শ্রীলঙ্কায় চাল রপ্তানির মাধ্যমে বাংলাদেশ খাদ্য রপ্তানিকারী দেশের তালিকায় নিজের স্থান করে নিয়েছে। আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে চাল রপ্তানির জন্যও বাজার খোঁজা হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ অনুষ্ঠানে বলেন, ‘খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ যেভাবে খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছে, সেভাবেই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দেশ প্রস্তুত আছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফপিএমইউর মহাপরিচালক মো. আতাউর রহমান। তাঁর সঙ্গে যৌথভাবে প্রতিবেদন উপস্থাপন করেন এফএওর পুষ্টিবিদ ললিতা ভট্টাচার্য। বক্তব্য দেন এফএওর রোম কার্যালয়ের পরিচালক কস্টাস জি স্ট্যামোলিস, বাংলাদেশে এফএওর প্রতিনিধি মাইক রবসন, ইউএসএআইডির উপপরিচালক মার্ক তেজেনফিল্ড এবং বাংলাদেশে ইউইর মিনিস্টার কাউন্সেলর মারিও রনকনি। এঁরা সবাই প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সরকারের করণীয়, বিশেষ করে শস্য বহুমুখীকরণে বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা। তাঁরাও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে ধান ছাড়াও ডাল, তেলবীজ, ভুট্টা প্রভৃতির উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।