খাদ্যনিরাপত্তায় দূষণের বিষয়েও সচেতনতা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ খাদ্য প্রতিটি ভোক্তার অধিকার। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভেজাল খাবার রোধের পাশাপাশি খাদ্যদূষণের বিষয়েও সচেতন থাকতে হবে। ব্যবসায়ীদের নৈতিকতা ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম।
খাদ্যনিরাপত্তা ও ভোক্তার অধিকার নিশ্চিত করা বিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। গতকাল সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের জন্য এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক ও কনজ্যুমারস রাইটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বক্তব্য দেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বাংলাদেশের ‘খাদ্যনিরাপত্তা কর্মসূচির’ চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার জন রাইডার, সিনিয়র ন্যাশনাল অ্যাডভাইজার শাহ মনির হোসেইন, ফুড সেফটি কনসালট্যান্ট মার্গারিটা কোরালেস এবং আয়ারল্যান্ডের ফুড সেফটি অথোরিটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান রিলি।
কর্মশালায় জন রাইডার জানান, খাদ্যনিরাপত্তা বিষয়ে বাংলাদেশে সম্প্রতি ‘ফুড সেফটি অথোরিটি’ গঠিত হয়েছে। খাবারে ভেজাল ও দূষণরোধে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।
শাহ মনির হোসেইন বলেন, অধিকাংশ মানুষ নিরাপদ খাদ্য বলতে শুধু ভেজালমুক্ত খাদ্য বোঝেন। কিন্তু দূষণমুক্ত খাদ্যও নিরাপদ খাদ্যের একটি অংশ। কারণ বাড়িতে ভেজালমুক্ত খাবার আনার পরও পরিচ্ছন্নতার অভ্যাস না থাকায় খাদ্য দূষিত হতে পারে। খাদ্য প্রস্তুতের আগে খাদ্যপণ্য পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া, রান্না, পরিবেশন ও খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ ধরনের ছোটখাটো পরিচ্ছন্নতার অভ্যাসের মাধ্যমে খুব সহজেই ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস-এ ও ই-এর প্রকোপ থেকে দূরে থাকা সম্ভব।
কর্মশালায় আরও বক্তব্য দেন চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী, এফএও বাংলাদেশের খাদ্যনিরাপত্তা কর্মসূচির ন্যাশনাল অ্যাডভাইজার রোকেয়া খানম, ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন প্রমুখ।