খাদ্যনিরাপত্তার উন্নতি, শিশু পুষ্টির তেমন উন্নতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন বলছে, দেশে খাদ্যনিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। ২০১১ সালে খাদ্য নিরাপত্তাহীনতার কথা বলেছিল দুই-তৃতীয়াংশ পরিবার। ২০১৪ সালে এ কথা বলেছে এক-তৃতীয়াংশেরও কম পরিবার।

তবে একই পর্যবেক্ষণ প্রতিবেদন বলছে, দেশে শিশু পুষ্টি পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

‘বাংলাদেশ খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি ২০১৪’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। গতকাল রোববার রাজধানীতে আইসিডিডিআরবির জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ মিলনায়তনে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল যৌথভাবে এই প্রতিবেদন তৈরি করেছে। এতে আর্থিক সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

প্রতিবেদনে খানাপ্রতি খাদ্য পর্যাপ্ততা, প্রাপ্যতা ও ব্যবহার নিয়ে তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে খাদ্যের দাম সামান্য কম ছিল ও খাদ্যনিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছিল। পরিস্থিতি উন্নতিতে শিক্ষার জন্য অর্থ, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতার মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভূমিকা রেখেছে। এসব কর্মসূচির সুবিধা পেয়েছে দেশের এক-তৃতীয়াংশ পরিবার।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের খাদ্যনিরাপত্তার আলোচনা মূলত ভাতকেন্দ্রিক। তাই অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির বিষয়টি গুরুত্ব কম পায়। তিনি বলেন, দারিদ্র্য ও ক্ষুধা দূর করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার একটি বার্তা দেশবাসীকে দেওয়ার চেষ্টা করছে সরকার। তবে দেশের এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করারও একটি তৎপরতা আছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

২০১১ সাল থেকে ‘ন্যাশনাল ফুড সিকিউরিটি নিউট্রিশনাল সার্ভিল্যান্স প্রকল্প’ দেশের খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণে ২০১৪ সালে দেশের ৯৬৯টি গ্রাম ও ১৫৯টি মহল্লার মোট ২৭ হাজার ৭২টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ক্ষেত্রে ২২ হাজারের বেশি নারী, সাড়ে চার হাজারের বেশি কিশোরী এবং দেড় হাজারের বেশি গর্ভবতী মায়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ১৪ হাজার শিশুর পুষ্টি পরিস্থিতি মাপা হয়েছে এবং ১১ হাজার ৬৮০ জন সেবাদানকারীর মতামত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানোর হার কমে গেছে। ২০১০ সালে ৫২ শতাংশ শিশুকে শুধু বুকের দুধ দেওয়া হতো। ২০১৪ সালে তা কমে ৪২ শতাংশে দাঁড়ায়। প্রতিবেদনে পুষ্টির যে চিত্র দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে, দেশে পাঁচ বছরের কম বয়সী ৩৫ শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম। অন্যদিকে দেশের মাত্র ৪০ শতাংশ পরিবার উন্নত পায়খানা ব্যবহার করে।

পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, হেলেন কেলার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মেরিডিথ জ্যাকসন ডিগ্র্যাফেনরিড প্রমুখ বক্তব্য দেন।