খাদ্যনিরাপত্তায় বিনিয়োগ কৌশল নিয়ে ঢাকায় আজ বৈঠক শুরু হচ্ছে
জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবিলায় বাংলাদেশে খাদ্যনিরাপত্তায় করণীয় বিষয়ে দুই দিনের বিনিয়োগ বৈঠক আজ ঢাকায় শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠক উদ্বোধন করবেন। মত্স্য ও প্রাণীসম্পদ সংরক্ষণ, কৃষিপণ্য বাজারজাতকরণ, সামাজিক নিরাপত্তা, খাদ্যের ব্যবহার ও পুষ্টি নিরাপত্তায় বিনিয়োগ পরিকল্পনা ও কৌশল নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবদুর রাজ্জাক গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। খাদ্যসচিব বরুণ দেব মিত্র, কৃষিসচিব সি কিউ মোস্তাক আহমেদ, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ডেনিস রোলিন্স ছাড়াও ফাও, ইইউ, ডিএফআইডির প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এসব সংস্থা এ বৈঠক আয়োজনে সহযোগিতা করছে। বাংলাদেশ বৈঠকে সমন্বয়কের দায়িত্ব পালন করবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছে। দুর্যোগ মোকাবিলায় সক্ষম এমন জাতের ফসল উত্পাদন কীভাবে সম্ভব, তা নির্ধারণ করাই হবে এসব গবেষণার মূল উদ্দেশ্য।খাদ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে। সিডর, আইলার মতো দুর্যোগ বাংলাদেশে লেগেই থাকবে। তাই উপকূল অঞ্চলকে গুরুত্ব দিয়ে এসব অঞ্চলে কীভাবে দুর্যোগসহিষ্ণু ফসল উত্পাদন করা যায়, সেদিকে গুরুত্ব দেবে সরকার। খরায়, লোনাপানি কিংবা পানির নিচেও যাতে ফসল উত্পাদন সম্ভব হয় সে প্রযুক্তি উদ্ভাবনের জন্য কৃষি গবেষণায় গুরুত্ব দেওয়া হবে।এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার উত্পাদনের পাশাপাশি খাদ্য মজুদের বিষয়টিতেও গুরুত্ব দিতে চায়। এ জন্য পর্যাপ্ত খাদ্যগুদাম নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের।