খাদ্যনিরাপত্তায় বিনিয়োগে প্রাধান্য পাবে ছয়টি খাত
দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ছয়টি খাতে অগ্রাধিকার দিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এরই ভিত্তিতে উন্নয়ন সহযোগীদের কাছে খাদ্য খাতে বিনিয়োগে সহযোগিতা চাওয়া হবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বাংলাদেশ ফুড সিকিউরিটি ইনভেস্টমেন্ট ফোরামের দুই দিনের বৈঠকের ফলাফল জানাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিশ্বজুড়ে ২০০৮ সালের খাদ্য-সংকটের প্রেক্ষাপটে উন্নত বিশ্বের দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোতে নতুন প্রক্রিয়ায় সহায়তা করতে চায়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সুবিধাভোগী দেশগুলোকে পরিকল্পনা তৈরি করে জানাতে হবে, কোন খাতে তারা সহায়তা চায়। অর্থাৎ খাদ্য সহায়তা নয়, কৃষিতে বিনিয়োগের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ সহযোগিতা দেওয়া হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় দুই দিনের ওই ফোরামের আয়োজন করা হয়। খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি খাতের কোথায় বিনিয়োগ করা যেতে পারে, আলোচনা অংশে ছয়টি আলাদা পর্বে তা তুলে ধরা হয়। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষি উত্পাদন বৃদ্ধি, মত্স্য ও প্রাণীসম্পদ বৃদ্ধি, আয় ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, কৃষি বিপণন, বাজার মূল্য স্থিতিশীল রাখা, খাদ্যের সদ্ব্যবহার ও পুষ্টি এবং খাদ্য উত্পাদনে সুশাসন ও জেন্ডার বিষয়কে বিনিয়োগের জন্য চিহ্নিত করা হয়। তিনি জানান, দুই দিনের আলোচনার পর কোন কোন খাতে বিনিয়োগ হবে, তার একটা খসড়া গতকাল দুপুরে চূড়ান্ত করা হয়। কিন্তু উন্নয়ন সহযোগীরা ওই খসড়ার ব্যাপারে দ্বিমত প্রকাশ করায় তাতে কিছু সংযোজন-বিয়োজন করা হয়। চার-পাঁচ দিনের মধ্যে খাদ্যসচিব বরুণ দেব মিত্রের নেতৃত্বে একটি কমিটি ওই খসড়া চূড়ান্ত করবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিশেষ কোনো অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে কি না, জানতে চাইলে আবদুর রাজ্জাক বলেন, এ ক্ষেত্রে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, হাওর, তিন পার্বত্য জেলা ও চরাঞ্চলকে আমরা অগ্রাধিকার দিতে চাই। এ ছাড়া বিনিয়োগের খাত হিসেবে নদীর পানি ব্যবস্থাপনা, সেচ ও বিপণন এ বিষয়গুলোতেও গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, ফোরামের আলোচনায় বাংলাদেশকে ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানানো হয়। মন্ত্রী বলেন, আগামী মাসে কানাডায় অনুষ্ঠেয় জি-৮ সম্মেলনে দুই হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করা হবে। কৃষিতে বিনিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। মার্কিন সরকার ও গ্লোবাল ট্রাস্ট ফান্ড আরও প্রায় ৫০০ মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশসহ ১০টি দেশকে অগ্রাধিকার দেওয়া হবে।