খাদ্যনিরাপত্তায় ভেটেরিনারি শিক্ষার্থীদের অবদান ব্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণী ও মৎস্যজাত খাদ্য উন্নয়ন, প্রক্রিয়া ও বাজারজাতকরণের আধুনিক জ্ঞান অর্জন করে দেশের খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়টিতে তাঁকে সংবর্ধনা দেওয়ার সময় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গতকাল মঙ্গলবার শুরু হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস মাহফুজুল বারী।নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা পারে দেশের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ করতে। দেশের প্রাণিসম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও চিকিৎসার ক্ষেত্রে ভেটেরিনারি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ অধিদপ্তরকে গতিশীল করতে আট হাজার জনবল নিয়োগ-প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে অধিদপ্তরের কর্মকাণ্ড গতিশীলতা পাবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মো. আখতার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার চৌধুরী আলাউদ্দিন, ডিন মো. মাসুদুজ্জামান ও অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ। স্বাগত বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিচালক ও সহযোগী অধ্যাপক গৌতম কুমার দেবনাথ। অনুষ্ঠানের পরে মন্ত্রী ড্যানিডার অর্থায়নে নির্মিত বিশ্ববিদ্যালয়ের পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিআরটিসি) ভবন উদ্বোধন করেন। পরে তিনি পিআরটিসি ভবনে প্রতিষ্ঠিত অত্যাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ল্যাবরেটরি পরিদর্শন করেন।