চট্টগ্রাম বন্দরের বহরে এবার যুক্ত হলো পণ্য খালাসের আধুনিক যন্ত্র ‘নিউম্যাটিক কনভেয়ার’। এই যন্ত্রের সহায্যে জাহাজের হ্যাচ (খোল) থেকে খাদ্যশস্য (চাল, গম) স্বয়ংক্রিয়ভাবে খালাস করা যাবে। একই সঙ্গে খালাস করা পণ্য বস্তায় ঢুকিয়ে তা স্বয়ংক্রিয়ভাবে পরিমাপ করারও সুযোগ রয়েছে। এ রকম দুটি যন্ত্র সংগ্রহ করেছে বন্দর।
গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম বন্দরে নতুন দুই যন্ত্রের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এম এ লতিফ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল। অনুষ্ঠানে বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য আনা নতুন দুটি অ্যাম্বুলেন্সও উদ্বোধন করা হয়।
নতুন দুটি যন্ত্র বন্দরের বহরে যুক্ত হওয়ায় পণ্য খালাসে আগের চেয়ে সময় কম লাগবে। জেটিতেও পণ্যবাহী জাহাজের জট কমে আসবে বলে আশা করছেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, পণ্য খালাসের নতুন যন্ত্র চালু করার কারণে চট্টগ্রাম বন্দরের আরও কয়েক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য যা যা করণীয় সরকার তা করবে। শিগগিরই কর্ণফুলী নদীর ড্রেজিংয়ের কাজ শুরু হবে। চলতি বছর বন্দরের ভেতরে একটি ৪০ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হবে। একাত্তরের মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরে নৌ কমান্ডারদের দুঃসাহসিক অভিযান অপারেশন জ্যাকপট নিয়ে নির্মিত চলচ্চিত্র এ বছরই মুক্তি পাবে।
সাংসদ এম এ লতিফ বলেন, নগরের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কনটেইনার টার্মিনালগুলোর কারণে রাস্তায় যানজট হচ্ছে। এগুলোর কারণে রাস্তায় চলাচলকারী ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হয়। এই টার্মিনালগুলো সরিয়ে নিতে বন্দরকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া তিনি সল্টগোলা খালের ওপর নির্মিত বাঁধ সরিয়ে স্লুইসগেট নির্মাণের জন্য বন্দর কর্তৃপক্ষকে আহ্বান জানান।
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি বলেন, নিউম্যাটিক কনভেয়ার যন্ত্র চালুর ফলে খাদ্যশস্য আমদানিকারকেরা সুফল পাবেন। নতুন যন্ত্রগুলো চালুর কারণে আগে যেখানে একটি জাহাজের পণ্য খালাস করতে ১৫ দিন লাগত, সেখানে এখন একটি জাহাজ থেকে পণ্য খালাস করতে ৬-৭ দিন লাগবে। বন্দরের কর্মকর্তারা বলেন, আগে জাহাজের খোলের ভেতরেই খাদ্যশস্য বস্তাবন্দী করতেন শ্রমিকেরা। এরপর ক্রেনের সাহায্যে ওই বস্তা জাহাজ থেকে ট্রাকে বোঝাই করা হতো। এতে সময় বেশি লাগত।