নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বিক্রেতাদের জন্য লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া ১৯৫৩ সালের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদবিরোধী আদেশ সংশোধন করে খাদ্যপণ্যের মূল্য এবং মজুদ নিয়ন্ত্রণ করা হবে। আদেশে যেসব পণ্যের মূল্য ও মজুদ নিয়ন্ত্রণের উল্লেখ রয়েছে সেগুলো হলো: চাল, ধান, গম ও গমজাতদ্রব্য, সয়াবিন, পাম অয়েল, চিনি, ডাল, পেঁয়াজ, গুঁড়োদুধ এবং শিশুখাদ্য।গতকাল বুধবার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক সভাপতিত্ব করেন। খাদ্যসচিব বরুন দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাণিজ্য, স্বরাষ্ট্র, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী প্রতিনিধি, পাইকারি ও খুচরা বিক্রেতাদের প্রতিনিধি এবং মিলমালিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, খাদ্যপণ্য বিক্রেতাদের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তর এ লাইসেন্স দেবে। পাইকারি কিংবা খুচরা কোন পর্যায়ের বিক্রেতাকে লাইসেন্সের আওতায় আনা হবে, তা বিধি দ্বারা নির্ধারণ করে দেওয়া হবে। এ নিয়ম কার্যকর হলে সরকার খাদ্যপণ্যের সর্বোচ্চ দাম নির্ধারণ করতে পারবে, যা মানা বাধ্যতামূলক হবে।প্রসঙ্গত, ১৯৯১ সালের ১৪ আগস্ট খাদ্য মন্ত্রণালয় এ মন্ত্রণালয়ের অধীন কোনো ডিলার, মিলারের লাইসেন্স গ্রহণের প্রয়োজনীয়তা নেই মর্মে আদেশ জারি করে। ফলে খাদ্যদ্রব্য ব্যবসায়ীদের ওপর থেকে সরকারের সব ধরনের নিয়ন্ত্রণ রহিত হয়ে যায়।মন্ত্রী জানান, পণ্যমূল্য ও মজুদ নিয়ন্ত্রণে ১৯৫৩ সালের আদেশ আবার কার্যকর করা হবে সংশোধিত আকারে। এ আদেশটি ১৯৯১ সালে মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশে বাতিল করা হয়েছিল, যা সঠিক ছিল না। এখন ’৯১ সালের আদেশ বাতিল করে প্রথমে ’৫৩ সালের আদেশ পুনরুজ্জীবিত করে তা সংশোধন করা হবে।এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বাজারে চালের দাম কমানোর জন্য ব্যবসায়ীরা চালের সরবরাহ বাড়াতে পরামর্শ দিয়েছেন। উৎপাদন বৃদ্ধি ও আমদানি বাড়িয়ে সরবরাহ অব্যাহত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যায়, খাদ্য মন্ত্রণালয় এ আদেশ অনুযায়ী আমদানি, পাইকারি ও খুচরা পর্যায়ে খাদ্যপণ্য মজুদের পরিমাণ এবং সময় নির্ধারণ করে একটি প্রস্তাবও গতকালের বৈঠকে উত্থাপন করে। তবে প্রস্তাবের কিছু কিছু বিষয় ব্যবসায়ী মহল থেকে আপত্তি করায় আগামী সাত দিনের মধ্যে তাদের প্রস্তাব মন্ত্রণালয়কে জানাতে বলা হয়।খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী চাল-ধানের আমদানি পর্যায়ে ২০ হাজার মেট্রিক টন ৩০ দিন, পাইকারি পর্যায়ে এক হাজার মেট্রিক টন ৩০ দিন এবং খুচরা পর্যায়ে ২০ মেট্রিক টন ১৫ দিন মজুদ রাখা যাবে। গম ও গমজাতদ্রব্য আমদানি পর্যায়ে ২০ হাজার মেট্রিক টন ৩০ দিন, পাইকারি পর্যায়ে ৫০০ মেট্রিক টন ৩০ দিন এবং খুচরা পর্যায়ে ১০ মেট্রিক টন ১৫ দিন মজুদ করা যাবে। চিনি আমদানি পর্যায়ে ১০ হাজার মেট্রিক টন ৩০ দিন, পাইকারি পর্যায়ে ২০০ মেট্রিক টন ৩০ দিন এবং খুচরা পর্যায়ে ১০ মেট্রিক টন ২০ দিন মজুদ রাখা যাবে। সয়াবিন (পরিশোধিত) আমদানি পর্যায়ে ছয় হাজার মেট্রিক টন ৩০ দিন, পাইকারি পর্যায়ে ২০০ মেট্রিক টন ৩০ দিন, খুচরাবাজারে ১০ মেট্রিক টন ১৫ দিন মজুদ রাখা যাবে। পাম অয়েল (পরিশোধিত) আমদানি ক্ষেত্রে চার হাজার মেট্রিক টন ৩০ দিন, পাইকারি পর্যায়ে ২০০ মেট্রিক টন ৩০ দিন এবং খুচরা পর্যায়ে ১০ মেট্রিক টন ২০ দিন মজুদ রাখা যাবে। ডাল আমদানি পর্যায়ে ১০ হাজার মেট্রিক টন ৩০ দিন, পাইকারি পর্যায়ে ২০০ মেট্রিক টন ৩০ দিন এবং খুচরা ক্ষেত্রে ১০ মেট্রিক টন ২০ দিন, পেঁয়াজ আমদানি পর্যায়ে ২০০ মেট্রিক টন ৩০ দিন, পাইকারি পর্যায়ে ২০ মেট্রিক টন ১৫ দিন, খুচরা পর্যায়ে পাঁচ মেট্রিক টন ১০ দিন রাখা যাবে। গুঁড়োদুধ আমদানি পর্যায়ে ৫০০ মেট্রিক টন ৩০ দিন, পাইকারি পর্যায়ে ২০ মেট্রিক টন ২০ দিন এবং খুচরা পর্যায়ে পাঁচ মেট্রিক টন ১৫ দিন মজুদ করা যাবে। শিশুখাদ্য আমদানি পর্যায়ে ৫০ মেট্রিক টন ৩০ দিন, পাইকারি পর্যায়ে ১০ মেট্রিক টন ২০ দিন এবং খুচরা পর্যায়ে পাঁচ মেট্রিক টন ১৫ দিন মজুদ রাখা যাবে।