খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ ফের শুরু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল শনিবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ আবার শুরু করা হয়েছে। এর আগে কম করে চাল দেওয়ার অভিযোগে ১০ সেপ্টেম্বর থেকে চাল বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
৯ সেপ্টেম্বর উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সুতিয়ারপার বাজারের একজন ডিলার ৩১ জনের মাঝে ৩০ কেজি চালের স্থলে ১৫ কেজি করে চাল বিতরণ করেন। এ কর্মসূচির অধীনে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণের কথা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, হতদরিদ্র মানুষের জন্য পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে ২৪ জন ডিলারের মাধ্যমে ১৪ হাজার ৭১৭ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হবে। ডিলারদের মাঝে ৩০ কেজি ওজনের প্যাকেটে করে ২২০ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়েছে। গতকাল নালিতাবাড়ীর বিনাবাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরে আরও ২২০ মেট্রিক টন চাল সরবরাহ করা হবে।
এ সময় নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান। এ ছাড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুখ হোসেন পাটোয়ারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন।
ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, ৩০ কেজি প্যাকেটে চাল বিতরণের কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। প্রতি সপ্তাহের শুক্র, শনি ও মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাল বিতরণ চলবে।