খাদ্যবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলেছে, দেশে খাদ্যবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। ২০১৫ সালে খাদ্যবাহিত ১৫টি রোগের প্রাদুর্ভাব ছিল। রোগের সংখ্যার দিক থেকে এটি আগের বছরগুলোর তুলনায় বেশি।

আইইডিসিআর বলছে, মানুষ ডায়রিয়া, কলেরা, জন্ডিস, নিপাহ এনকেফেলাইটিস, অ্যানথ্রাক্স ও কীটনাশকের সংক্রমণে অসুস্থ হচ্ছে; ক্ষেত্রবিশেষে মারাও যাচ্ছে।
আজ রোববার আইইডিসিআর মিলনায়তনে আড়াই বছর ধরে চলা জরিপের তথ্য প্রকাশ করা হয়। আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান জরিপের তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, সুস্থ থাকতে পানি ফুটিয়ে খাওয়া, নোংরা খাবার না খাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, কীটনাশকের অবাধ ব্যবহার বন্ধ করতে হবে।
আইইডিসিআর বলছে, ২০১৪ সালে খাদ্যবাহিত ১১টি রোগের প্রাদুর্ভাব ছিল। ২০১৫ সালে যা হয়েছে ১৫টি। এর আগের বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রাদুর্ভাব ছিল চারটি রোগের। কোনো একটি রোগ হঠাৎ বেড়ে গেলে সেটিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় প্রাদুর্ভাব বলা হয়। নতুন গবেষণায় ইঁদুর ও গবাদি পশুর প্রস্রাব থেকে সংক্রমিত একটি রোগ লেপটোসপাইরোসিসে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তির আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে। এ রোগে আক্রান্ত মানুষের জ্বর হয় এবং জন্ডিসের মতো উপসর্গ দেখা দেয়। সম্প্রতি নরসিংদী থেকে আসা এক পরিবারের চার সদস্যের দুজন এই রোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এই রোগে ৭০ ভাগ ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা থাকে।
২০১৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ময়মনসিংহ, নেত্রকোনা, নারায়ণগঞ্জে কলেরার তিনটি ও কিউটেনাস অ্যানথ্রাক্সের একটি প্রাদুর্ভাব দেখা দেয়। ২০১৪ সালে নিপাহ এনকেফেলাইটিসের একটি, কিউটেনাস অ্যানথ্রাক্সের তিনটি, খাদ্যে বিষক্রিয়ার চারটি ও ডায়রিয়ার তিনটি প্রাদুর্ভাব ছিল। গত বছর নিপাহ এনকেফেলাইটিসের একটি, কলেরার দুটি, ডায়রিয়ার চারটি, কীটনাশকের সংক্রমণ দুটি, কিউটেনাস অ্যানথ্রাক্সের তিনটি, বার্ড ফ্লুর একটি, খাদ্যে বিষক্রিয়ার একটি ও অজানা রোগে মৃত্যুর প্রাদুর্ভাব ছিল একটি। জরিপের আওতায় ২০১৪ সালের মে থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৪ হাজার ৬৪টি রক্ত ও পায়খানার নমুনা পরীক্ষা করে দেখা হয়। এর মধ্যে গত দুই বছরে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে তীব্র ডায়রিয়া, ঢাকায় টাইফয়েড-প্যারাটাইফয়েড এবং চট্টগ্রাম ও সিলেটে জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি ছিল।
উদ্বেগ তৈরি করেছে লেপটোসপাইরেসিস: শরীরের যেকোনো জায়গায় সামান্য কাটাছেঁড়া থাকলে অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশু থেকে মানুষের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু ঢুকে যায়। একইভাবে আক্রমণ করে লেপটোসপাইরোসিস। সাধারণত ইঁদুর, গবাদি পশু, কুকরের প্রস্রাব শরীরের কোনো অংশে প্রবেশ করলে রোগটি দেখা দিতে পারে। গত দুই বছরে লেপটোসপাইরোসিসে ১৪৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৫। উত্তরার আশপাশের এলাকায় রোগটিতে আক্রান্ত রোগীর হার ছিল সবচেয়ে বেশি।