খাদ্যবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, খাদ্যবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ডায়রিয়া, কলেরা, জন্ডিস ও টাইফয়েড।
গতকাল রোববার আড়াই বছর ধরে চলা আইইডিসিআরের জরিপের তথ্য প্রতিষ্ঠানটির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ২০১৪ সালে ১১ দফায় খাদ্যবাহিত রোগের প্রাদুর্ভাব হয়েছিল। আর ২০১৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১৫-তে। ২০১৩ সালে চার দফায় এমন রোগের প্রাদুর্ভাব হয়েছিল। কোনো একটি রোগ হঠাৎ করে বেড়ে গেলে সেটিকে চিকিৎসাবিজ্ঞানে প্রাদুর্ভাব বলা হয়।
এ জরিপে ইঁদুর ও গবাদিপশুর প্রস্রাব থেকে সংক্রমিত রোগ লেপ্টোসপাইরোসিসে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তির আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে আইইডিসিআর। এ রোগে আক্রান্ত মানুষের জ্বর হয় এবং জন্ডিসের মতো উপসর্গ দেখা দেয়। সম্প্রতি নরসিংদী থেকে আসা এক পরিবারের চার সদস্যের দুজন এই রোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই রোগে আক্রান্ত হলে ৭০ শতাংশ ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা থাকে।
জরিপের তথ্য উপস্থাপন করেন আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান। তিন বলেন, সুস্থ থাকতে পানি ফুটিয়ে খাওয়া, নোংরা খাবার না খাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। তিনি কীটনাশকের অবাধ ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছেন।
আইইডিসিআর দেশের ১০টি বড় হাসপাতাল, সব কটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুঠোফোনে বছরে দুবার তিন হাজার করে সাক্ষাৎকার গ্রহণ ও রোগের প্রাদুর্ভাব ঘটলে তা খতিয়ে দেখে জরিপের ফলাফল চূড়ান্ত করে। বড় হাসপাতালগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ এবং চট্টগ্রাম, ঠাকুরগাঁও, নওগাঁ, সাতক্ষীরা, পটুয়াখালী, হবিগঞ্জ, নরসিংদী, কক্সবাজার জেলা হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল।
২০১৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ময়মনসিংহ, নেত্রকোনা, নারায়ণগঞ্জে তিন দফায় কলেরা ও একবার কিউটেনাস অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল।
২০১৪ সালে চারবার খাদ্যে বিষক্রিয়া, তিনবার করে কিউটেনাস অ্যানথ্রাক্স ও ডায়রিয়া এবং একবার নিপাহ এনকেফেলাইটিসের প্রাদুর্ভাব ছিল।
গত বছর চারবার ডায়রিয়া, দুবার করে কলেরা ও কীটনাশকের সংক্রমণ, তিনবার কিউটেনাস অ্যানথ্রাক্স, একবার করে বার্ড ফ্লু, খাদ্যে বিষক্রিয়া ও নিপাহ এনকেফেলাইটিসের প্রাদুর্ভাব দেখা দেয়। এ ছাড়া গাজীপুরে গত ২২ ডিসেম্বর অজানা রোগে মৃত্যুর তথ্য পেয়েছে প্রতিষ্ঠানটি। মৃত্যুর কারণ শনাক্ত করার কাজ চলছে।
জরিপের আওতায় ২০১৪ সালের মে থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকা রোগীদের রক্ত ও পায়খানার ৪ হাজার ৬৪টি নমুনা পরীক্ষা করে দেখা হয়।
এর মধ্যে গত দুই বছরে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ব্যাপক ডায়রিয়া, ঢাকায় টাইফয়েড-প্যারাটাইফয়েড এবং চট্টগ্রাম ও সিলেটে জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি ছিল।
উদ্বেগ তৈরি করেছে লেপ্টোসপাইরেসিস: শরীরের যেকোনো জায়গায় সামান্য কাটাছেঁড়া থাকলে অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদিপশু থেকে মানুষের দেহে অ্যানথ্রাক্সের জীবাণু ঢুকে যায়। একইভাবে আক্রমণ করে লেপ্টোসপাইরোসিস নামের রোগটি। সাধারণত ইঁদুর, গবাদিপশু, কুকরের প্রস্রাব শরীরের কোনো অংশে প্রবেশ করলে এ রোগটি দেখা দিতে পারে।
গত দুই বছরে লেপ্টোসপাইরোসিসে ১৪৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৫ জন। উত্তরার আশপাশের এলাকায় রোগটিতে আক্রান্তের হার ছিল সবচেয়ে বেশি।