সার্ক খাদ্যব্যাংকে মজুদ বাড়িয়ে কমপক্ষে ১০ লাখ টন করতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে হবে। পাশাপাশি কৃষিতেও বিনিয়োগ বাড়ানো দরকার।গতকাল মঙ্গলবার সার্ক খাদ্যব্যাংক-সংক্রান্ত এক আলোচনা সভায় বক্তারা এসব পরামর্শ দিয়েছেন। কৃষি সাংবাদিক ফোরাম, বেসরকারি সংস্থা ইক্যুইটি বিডিসহ বেশ কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠান যৌথভাবে জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ছাড়া সবাইকে খাদ্য আমদানি করতে হয়। ভারতে এ বছর চার কোটি টন খাদ্য উদ্বৃত্ত রয়েছে। গুদামে জায়গা না থাকায় খোলা জায়গায় গম পচে নষ্ট হচ্ছে। কিন্তু অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় ভারত তা রপ্তানি করছে না।খাদ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ধনী দেশ না হওয়া সত্ত্বেও পাকিস্তানে বন্যার সময় ১০ হাজার কম্বল, ওষুধ ও চিকিৎসক পাঠিয়েছে। তিনি মন্তব্য করেন, দক্ষিণ এশিয়ার কোনো দেশ সংকটে পড়লে অন্য দেশগুলো কী ধরনের সহায়তা করবে, তা সেই দেশের মানসিকতার ব্যাপার। সিডরের পর ভারত পাঁচ লাখ টন খাদ্য রপ্তানি করার কথা বলেও তা দেয়নি—এ কথা বলে সাবেক কৃষিমন্ত্রী বিএনপির নেতা এম কে আনোয়ার মন্তব্য করেন, এ ধরনের আচরণ করলে সার্ক খাদ্যব্যাংক কার্যকর হবে না। তিনি কৃষিকে ‘বেশি করে উৎসাহ দেওয়ার’ তাগিদ দেন। সার্ক খাদ্যব্যাংকে বাংলাদেশ সরকারের প্রতিনিধি খাদ্য বিভাগের পরিচালক ইলাহী দাদ খান বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো ২০০৭ সালে সার্ক খাদ্যব্যাংক গঠনের ক্ষেত্রে একমত হলেও তা সক্রিয় হয়েছে ২০০৯ সালে। তিনি জানান, সার্ক ব্যাংকে মজুদ রাখা দুই লাখ ৪০ হাজার টন খাদ্যের মধ্যে বাংলাদেশ ৪০ হাজার টন মজুদ রেখেছে। ইলাহী দাদ বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে খাদ্য উৎপাদন আট শতাংশ কম হলে এই ব্যাংক থেকে সার্কের যেকোনো দেশ খাদ্য কিনতে পারবে। আন্তর্জাতিক বাজার থেকে এর দাম কম পড়বে এবং দুই বছর পর দাম পরিশোধ করা যাবে। বাংলাদেশের মজুদের অংশ খুলনা, চট্টগ্রাম ও দিনাজপুরের গুদামে মজুদ আছে বলে তিনি জানান।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত মহাপরিচালক এম আসাদুজ্জামান বলেন, ২০০৮ সালের মতো কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বাড়ছে। দাম বাড়ার কারণে খাদ্যঝুঁকির মধ্যে থাকা জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তার বিষয়টি খাদ্যব্যাংকের বিবেচনায় আনতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান ও উন্নয়ন অন্বেষণের রাশেদ আল তিতুমীর। সভাপতিত্ব করেন কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি আশরাফ আলী।