খাদ্যমন্ত্রীর একই বক্তব্য অসাংবিধানিক বললেন অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণা উপলক্ষে আবার নিজের কথার পুনরাবৃত্তি করলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তবে এ বিষয়ে দুই মন্ত্রীর বক্তব্যকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। কাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় ঘোষণা করবেন।
গত দুই দিনের বিতর্ক ও সমালোচনার অন্যতম লক্ষ্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হলেও গতকাল রোববার পর্যন্ত তিনি নেপালে ছিলেন। আজ তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সমালোচনার লক্ষ্যে পরিণত হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও।
আইনজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য এই বিচার-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত ও তাদের সহযোগী বিএনপির যে চেষ্টা, তা মীর কাসেম আলীর মামলার রায় হওয়ার আগে সফল হতে যাচ্ছে।
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, কোনো বিচারাধীন মামলা নিয়ে প্রকাশ্যে এমন বিতর্ক বা সমালোচনা হয়েছে, এটা তাঁর মনে পড়ছে না। তিনি বলেন, বিচারাধীন মামলার ভালো বা মন্দ কোনো কিছু নিয়ে কথা বলা উচিত নয়। এখন যেভাবে বিতর্ক তোলা হচ্ছে, তাতে বলতে হয় বাংলাদেশ একটা অদ্ভুত দেশ।
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেছেন, ‘এটা নিয়ে যত আলোচনা হবে, ততই তা খারাপ হবে। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, অন্যদের প্রতিও অনুরোধ, তাঁরা যেন বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।’
গত শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আলোচিত মীর কাসেম আলীর মামলার পুনঃশুনানি দাবি করেন। ওই শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ার পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতির মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন।
এর জবাবে গতকাল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, সরকারের দুই মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা অসাংবিধানিক। নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, এমন দাবি মানবতাবিরোধী অপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করবে। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। প্রধান বিচারপতিকে বিতর্কিত করা মানে বিচারব্যবস্থাকে বিতর্কিত করা। এ জন্য তিনি প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।
দুই মন্ত্রীর বক্তব্যকে বিচার বিভাগের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় সর্বোচ্চ আদালত দুই মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
তবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, বিচারপতি নিরপেক্ষ হলেও অ্যাটর্নি জেনারেল সরকারের আইন কর্মকর্তা। মীর কাসেমের মামলায় রাষ্ট্র একটি পক্ষ এবং বিএনপি-জামায়াত আরেকটি পক্ষ। অ্যাটর্নি জেনারেলকে বলতে হবে, তিনি কোন পক্ষের হয়ে কাজ করছেন। তিনি আরও বলেন, মামলাটি এমন একটি পর্যায়ে নেওয়া হয়েছে, যেখানে ফাঁসি বহাল থাকলেও সমালোচনা, না থাকলেও সমালোচনা হবে। এমন সংকট তৈরি করেছেন প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল।
এদিকে গত শনিবার প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ধারাবাহিকতায় গতকাল খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় এই বিচার সম্পর্কে কথা উঠছে। প্রসিকিউশন রাজনীতি করছে, এ কথা উঠছে। অর্থাৎ জামায়াত-বিএনপি এবং তাদের লবিস্টরা যে সুরে কথা বলছে, সে কথাটা আজকে প্রধান বিচারপতি প্রকাশ্যে বলেছেন।
গত শনিবারও কামরুল বলেছিলেন, ‘এই মামলার রায় কী হবে, তা প্রধান বিচারপতির প্রকাশ্যে আদালতে বক্তব্যের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পেরেছি। তাঁর বক্তব্যের মধ্যে এটা অনুধাবন করেছি, এই মামলায় আর মৃত্যুদণ্ডের রায় দেওয়ার কোনো সুযোগ নেই।’
বিএনপির পক্ষ থেকে গতকাল খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। দলটি প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর শাসক গোষ্ঠীর নগ্ন হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন, দুই মন্ত্রীর বক্তব্য ‘চরম ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক ও রাজনৈতিক মাস্তানি।’
এদিকে গতকালও খাদ্যমন্ত্রী বলেন, ‘একজন মন্ত্রী হিসেবে নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি এই মামলারও বিচারপ্রার্থী।’ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিচারপ্রার্থীরা আজ হতাশ। এই বিচারের রায় কী হবে, তাঁদের মনে একটা সন্দেহ আছে। আমরা প্রত্যাশা করি, আমাদের সন্দেহ দূর হবে। আমরা প্রত্যাশিত রায় ৮ তারিখ পাব।’
খাদ্যমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর শুনানি নিয়ে অ্যাটর্নি জেনারেল ও বিএনপি নেতা রিজভী একই সুরে কথা বলছেন। তিনি বলেন, ‘আমি বিচারাধীন বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু কথা বলার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন প্রধান বিচারপতি আদালতে সাবভার্সিব (ধ্বংসাত্মক) বক্তব্য দিয়ে। আমি স্বীকার করি, বিচার্য বিষয়ে মন্তব্য করা যায় না। কিন্তু শুনানি চলাকালে আদালত সাবভার্সিব বক্তব্য দিতে পারেন কি না, সেটাও আমার প্রশ্ন।’
মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব বলেন, ‘যদি এই দুই মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দেশবাসী মনে করবে ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্টও বর্তমান ক্ষমতাসীন সরকারের রক্তচক্ষু দেখে ভীতসন্ত্রস্ত।’ তিনি আরও বলেন, সরকার যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণের পাঁয়তারা করছে, তা মীর কাসেম আলীর মামলা নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য আরও স্পষ্ট করে দিয়েছে।