খাদ্যমন্ত্রীর স্বাক্ষর জালের অভিযোগে মিল মালিকের বিরুদ্ধে মামলা
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাক্ষর জাল করে ভুয়া বরাদ্দপত্রের মাধ্যমে চাল সরবরাহের অনুমতি নেওয়ার অভিযোগে দিনাজপুরে এক মিল মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। দিনাজপুর শহরের ‘মেসার্স ইনশাল্লাহ অটো রাইস মিলের’ মালিক নূর আলম সিদ্দিকের বিরুদ্ধে দিনাজপুর সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কোতোয়ালি থানায় মামলাটি করেন। তবে ওই মিল মালিক অভিযোগ অস্বীকার করেছেন।
জেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল কাদির বলেন, ২৫ আগস্ট খাদ্যসচিব মহোদয়ের কার্যালয় থেকে ফ্যাক্সবার্তায় পাঠানো নির্দেশনার পরিপ্রেক্ষিতে সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আজিজুল ইসলাম মাননীয় খাদ্যমন্ত্রীর স্বাক্ষর ও সিলমোহর জালের অভিযোগে মামলাটি করেন।
মিল মালিক নূর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ধরনের কোনো আবেদন করেননি। আবেদনপত্রের স্বাক্ষরও তাঁর নয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেকুজ্জামান পিপিএম গতকাল বলেন, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।