চট্টগ্রাম বন্দরের ১২টি জেটিতে টানা কয়েক দিন কনটেইনার ওঠানো-নামানো বন্ধ থাকায় জাহাজজটের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী মোতায়েনের পর অচলাবস্থা কেটে গেলেও শুধু খাদ্যশস্যবাহী জাহাজ থেকে খালাসের প্রক্রিয়া স্বাভাবিক করতে এক মাসের বেশি সময় লাগতে পারে বলে বন্দর সূত্রে জানা গেছে।সেভ দ্য চিলড্রেন, বিশ্ব খাদ্য কর্মসূচি (এফএও), কেয়ার বাংলাদেশ, এসিডিআই/ভোকাসহ বিদেশি সংস্থাগুলো বন্দর চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে দ্রুত জেটি বরাদ্দ দেওয়ার অনুরোধ করেছে। অনুদানের খাদ্যশস্য দ্রুত খালাস করে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে চিঠিতে বন্দর চেয়ারম্যানের পদক্ষেপ কামনা করা হয়।গত বুধবার বন্দরে সেনা মোতায়েনের পর পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক গতিতে চলছে। সাধারণ জেটিতে পাঁচটি জাহাজ থেকে খাদ্যশস্য খালাস হচ্ছে। তবে এ সময় এক দফা বৃষ্টি হওয়ায় খাদ্যশস্য খালাস ব্যাহত হয়। বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ প্রথম আলোকে বলেন, খাদ্যশস্যবাহী জাহাজ বেশি আসায় জেটি বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। অচলাবস্থা কেটে যাওয়ায় ধীরে ধীরে খাদ্যশস্যবাহী জাহাজের জট কমে যাবে।জেটি পরিচালনাকারী বেসরকারি বার্থ অপারেটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন তিন পালায় একটি জাহাজ থেকে গড়ে দেড় হাজার টন খাদ্যশস্য খালাস হয়। খাদ্যশস্য খালাসের জন্য সর্বোচ্চ পাঁচটি জেটি বরাদ্দ করা হলেও প্রতিদিন সাড়ে সাত হাজার টন খাদ্যশস্য খালাস করা যায়। এ হিসাবে বহির্নোঙরের ১৬ জাহাজ থেকে এক লাখ ১৮ হাজার টন খাদ্যশস্য খালাস করতে সময় লাগবে ন্যূনতম ১৫ দিন। খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সালাহ উদ্দিন বলেন, আগামী এক মাসে প্রায় দেড় লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এ ছাড়া ভিয়েতনাম থেকে আরও ৬০ হাজার টন চাল বন্দরে আসছে। টোটাল শিপিং এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম বলেন, এক মাস অপেক্ষা করেও খাদ্যশস্যবাহী জাহাজটি জেটিতে ভেড়ার সুযোগ পাচ্ছে না। এক মাসে খাদ্যশস্য খালাসের প্রক্রিয়া স্বাভাবিক কি না, সন্দেহ আছে। বন্দরে জাহাজের অবস্থানসূচি থেকে দেখা গেছে, বহির্নোঙরে অবস্থানরত ৪৯টি জাহাজের মধ্যে খাদ্যশস্যবাহী জাহাজ আছে ১৬টি। এই ১৬ জাহাজে খাদ্যশস্য আছে এক লাখ ১৮ হাজার টন। এর মধ্যে সরকারি খাদ্যশস্যবাহী আটটি জাহাজে আছে প্রায় ৫৫ হাজার টন খাদ্যশস্য।খাদ্য বিভাগের সাধারণ নীতিমালা অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী আমদানি করা খাদ্যশস্যের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে এবং ৪০ শতাংশ মংলা বন্দরে খালাস হওয়ার কথা। তবে সরকারের সঙ্গে সরকারের চুক্তির খাদ্যশস্যের পুরোটাই চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে।