খাদ্যশস্যের চাহিদা ২ কোটি ৬৭ লাখ টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে (২০০৯-১০) দেশে খাদ্যশস্যের চাহিদা দুই কোটি ৬৭ লাখ দুই হাজার টন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের হিসাব অনুসারে এ তথ্য দেওয়া হয়েছে। বিকেল সোয়া চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়। কৃষিমন্ত্রী জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুসারে চলতি অর্থবছরে দেশে খাদ্য উৎপাদনের পরিমাণ তিন কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টন। কর্তন পরবর্তী ক্ষতি ও বীজ বাবদ ১২ শতাংশ বাদ দিলে এ বছর নিট খাদ্যশস্যের পরিমাণ তিন কোটি ১২ লাখ ৩৫ হাজার টন। তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, দেশে সরকারি ও বেসরকারি মালিকানাধীন ৩৫০টি হিমাগারের ধারণক্ষমতা ২৫ লাখ টন। চলতি অর্থবছরে দেশে প্রায় ৮০ লাখ টন আলু উৎপাদন হয়েছে। আলু সংগ্রহকালীন সময় থেকে তিন মাস পর্যন্ত প্রায় ২০ লাখ টন আলু খাবার হিসেবে ব্যবহূত হয়। ২৫ লাখ টন উল্লিখিত হিমাগারে সংরক্ষণের সুবিধা রয়েছে। এর মধ্যে বীজ আলু সংরক্ষণের জন্য বিএডিসির ১৭ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন ১৮টি হিমাগার রয়েছে। অবশিষ্ট ২০ লাখ টন আলু সংরক্ষণের জন্য আরও প্রায় ৩০০টি হিমাগার নির্মাণের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে দুই হাজার টন করে রাখা যায় এমন নয়টি হিমাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে।সেনাবাহিনীতে জনবল ঘাটতি: প্রশ্নোত্তরপর্বে বেগম মেহের আফরোজের প্রশ্নের জবাবে সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী এ কে খন্দকার জানান, বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে জনবল ঘাটতির পরিমাণ ১৪ হাজার ৫৮১ জন। শতকরা হিসেবে এ ঘাটতির পরিমাণ আট দশমিক ৭৪ শতাংশ। বর্তমানে এ বাহিনীর জনবল কাঠামো অনুসারে বিভিন্ন শ্রেণীর এক লাখ ৬৬ হাজার ৮০৯ জন থাকার কথা রয়েছে। কিন্তু রয়েছে এক লাখ ৫২ হাজার ২২৪ জন। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত দেওয়া এক হিসেবে এ তথ্য দেওয়া হয়েছে।মন্ত্রী বলেন, সেনাবাহিনীতে সর্বোচ্চ ৬৮ দশমিক ২৭ শতাংশ জনবল ঘাটতি রয়েছে ক্যাডেট ও রিক্রুটস বিভাগে। এ বিভাগে ছয় হাজার ৭২০ জন সদস্য থাকার কথা থাকলেও রয়েছে দুই হাজার ১৩২ জন।