খাদ্যশিল্প প্রতিষ্ঠান তদারক করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যশিল্প প্রতিষ্ঠানগুলো নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করছে কি না তা তদারক করা হবে বলে জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার। তিনি বলেন, দেশের সব সিটি করপোরেশন ও পৌর এলাকায় এই তদারকি কার্যক্রম চালানো হবে। গতকাল শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ইন্টার্নশিপ শেষ করা তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
মুশতাক হাসান মুহ. ইফতিখার বলেন, খাদ্যশিল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সমন্বিত উদ্যোগ নেওয়া হলে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, খাদ্যশিল্প প্রতিষ্ঠানগুলো নিরাপদ খাদ্য উৎপাদনের উদ্যোগ নিলে বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত সহায়তা দেবে। বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মৌসুমি ফল, কাঁঠাল, কলা, আনারস ইত্যাদি সঠিক উপায়ে সংরক্ষণের তাগিদ দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মেরিডিয়ান ফুডস লিমিটেডের চেয়ারম্যান কোহিনূর কামাল, ওয়েল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হাসান, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী পরিচালক নওশাদ আহমেদ খান, ফুলকলির ব্যবস্থাপনা পরিচালক এম এ সবুর, খুলশী মার্টের কর্মকর্তা শীতল বড়ুয়া প্রমুখ।