খাদ্যসচিব ধরলেন হাতেনাতে পুলিশ বলছে ভিন্ন কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়বি তো পড় মালির ঘাড়ে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর গুলশান সড়ক দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। সামনে লেখা খোলাবাজারে বিক্রির চাল। ওই পথ দিয়ে সচিবালয়ে যাচ্ছিলেন খাদ্যসচিব বরুন দেব মিত্র। এত সকালে ওএমএস চালের ট্রাক কোথায় যাচ্ছে—এমন প্রশ্ন মনে এলে তিনি ট্রাকটি থামতে বললেন। ট্রাকটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটকালেন। খাদ্যসচিব জানতে চাইলেন, কার চাল? কোথায় যাচ্ছে? ট্রাকচালক সবুজ জানালেন, ট্রাকে ওএমএসের চাল ছিল। তা বাজারে বিক্রি করে ফিরছেন তাঁরা। জেরার একপর্যায়ে ডিলার হাবিবের নামে বরাদ্দ দেওয়া দুই টন চাল কালোবাজারে বিক্রি করে দেওয়ার কথা সচিবের কাছে স্বীকার করলেন ট্রাকচালক ও তাঁর সহযোগী।খাদ্যসচিব নিজের পরিচয় দিয়ে ট্রাকটিকে নিয়ে তেজগাঁও থানায় সোপর্দ করলেন। তেজগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা নূরে আলম মিঞাকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হলো। তেজগাঁও থানায় ট্রাকচালকের বিরুদ্ধে একটি এজাহারও দায়ের করা হলো। খাদ্যসচিব জেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে একটি প্রশাসনিক তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিলেন।খাদ্যসচিব এ ব্যাপারে প্রথম আলোকে জানান, ট্রাকচালক তাঁর কাছে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির কথা স্বীকার করেছেন। চালকের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। একটি এজাহারও দায়ের করা হয়েছে। চালকের কোনো ড্রাইভিং লাইসেন্সও ছিল না বলে জানান খাদ্যসচিব।খাদ্য অধিদপ্তরের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তেজগাঁও খাদ্যগুদাম থেকে প্রথম ট্রাকটি বের হয়েছে সকাল পৌনে নয়টায়। ফলে সকাল সাড়ে আটটায় এখান থেকে কোনো চালবাহী ট্রাক বের হওয়ার কথা নয়।কিন্তু তেজগাঁও থানায় যাওয়ার পর ঘটনা পাল্টে যায়। ট্রাকচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেজগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা জানতে পারেন, এটি আসলে ওএমএসের ট্রাক ছিল না। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাজধানীতে প্রবেশের জন্য নাকি ট্রাকচালক সামনে ওএমএসের চাল লেখা লাল ব্যানার টাঙিয়ে দিয়েছিলেন।নূরে আজম মিঞা এ ব্যাপারে প্রথম আলোকে টেলিফোনে জানান, জিজ্ঞাসাবাদে ট্রাকচালক সবুজ ও সহযোগী সোহাগ জানিয়েছেন, দিনের বেলা রাজধানীতে ট্রাক প্রবেশের নিয়ম নেই। পুলিশকে ফাঁকি দিতেই তাঁরা ওএমএস লেখা লাল ব্যানার টাঙিয়ে গুলশান দিয়ে যাচ্ছিলেন। তাঁদের মূল উদ্দেশ্য ছিল রাজধানীর কোনো বাজার থেকে পণ্য পরিবহন করে রাতে আবার ফিরে যাবেন। খাদ্যসচিবের কাছে তেজগাঁও থানার তদন্তকারী কর্মকর্তার বক্তব্য সম্পর্কে অবহিত করলে তিনি প্রথম আলোকে জানান, ট্রাকচালক সকালে ওএমএসের চাল বিক্রির কথা স্বীকার করেছেন। তবে বিকেলে ভিন্ন কথা বলছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত হবে বলে তিনি আশা করেন।