খাদ্যাভাবে বন ছেড়ে লোকালয়ে আসছে অজগর
খাদ্যাভাবে সুন্দরবন ছেড়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লোকালয়ে চলে আসছে অজগর। খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া এসব সাপ প্রায়ই গ্রামবাসীর হাতে মারা পড়ত। এখন জনপ্রতিনিধি ও বন বিভাগের সতর্কতার কারণে লোকালয়ে চলে আসা সাপ গ্রামবাসীর হাতে আর মারা পড়ছে না। গত তিন মাসে এ উপজেলায় আটক হওয়া চারটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসেন চৌধুরী বলেন, খাদ্যের খোঁজে কিংবা বংশবিস্তারের কারণে অজগর এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। এ ছাড়া অমাবস্যা ও পূর্ণিমায় পানির উচ্চতা বাড়লে সাপ পানির স্রোতে টিকতে না পেরে ভেসে লোকালয়ে চলে যেতে পারে।বন বিভাগ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বলেশ্বর নদের তীরের উলুবাড়িয়া, সাংরাইল ও মাঝেরচর এবং আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের বাসিন্দারা গত তিন মাসে চারটি অজগর আটক করে। পরে বন বিভাগ এগুলো তাদের কাছ থেকে উদ্ধার করে। এগুলোর দৈর্ঘ্য ১০ থেকে ১৪ ফুট।বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘গ্রামবাসী ও জেলেদের হাতে আটক চারটি অজগর না মেরে আমরা বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।’মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা তপনেন্দ্র নাথ সরকার বলেন, সুন্দরবনে খাদ্যাভাবের কারণে অজগর বনসংলগ্ন নদ-নদী ও লোকালয়ে চলে আসে। গত তিন মাসে বন বিভাগ গ্রামবাসীর হাতে আটক চারটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে।