খাদ্যাভ্যাসের কারণে দেশের ৯৮ শতাংশ মানুষ রোগের ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাসের কারণে দেশের ৯৮ দশমিক ৭ শতাংশ মানুষ হূদেরাগসহ নানা অসংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ফলাফল প্রকাশ করা হয়। অধিদপ্তরের আর্সেনিক ও অসংক্রামক ব্যাধি কর্মসূচির উপব্যবস্থাপক এ কে এম জাফরউল্যাহ বলেন, দেশে কত মানুষ তামাক ব্যবহার করে, কতটুকু শাকসবজি ও ফলমূল খায়, কত লোক নিয়মিত কতটুকু শারীরিক পরিশ্রম করে, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন কত মানুষের এবং কতসংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে ভোগে—অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য এ-জাতীয় তথ্য থাকা খুব জরুরি হয়ে পড়েছিল। সে জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায় ‘বাংলাদেশ এনসিডি রিস্ক ফ্যাক্টর সার্ভে ২০১০’ পরিচালিত হয়। এ কে এম জাফরউল্যাহ বলেন, জরিপের ফলাফলে দেখা গেছে, দেশের ৯৮ দশমিক ৭ শতাংশ মানুষের মধ্যে কমপক্ষে একটি ঝুঁকির বৈশিষ্ট্য আছে। কমপক্ষে তিনটি বা তারও বেশি ঝুঁকির বৈশিষ্ট্য আছে ২৮ দশমিক ৩ শতাংশ মানুষের মধ্যে। অনুষ্ঠানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান মো. রিদওয়ানুর রহমান বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ১১ হাজার ২০০ পরিবারকে এ জরিপের আওতায় আনা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৬০০ পরিবারের পুরুষ সদস্য ও পাঁচ হাজার ৬০০ পরিবারের নারীদের প্রথমে নির্দিষ্ট একটি প্রশ্নমালার ভিত্তিতে এবং পরে উচ্চতা ও ওজন মেপে জরিপটি সম্পন্ন হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ-এর অসংক্রামক ব্যাধি কর্মসূচির প্রধান মোস্তফা জামান বলেন, অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে জীবনযাপন পদ্ধতি ও খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ। এ জরিপে বেরিয়ে এসেছে, বাংলাদেশের মানুষের নানা ঝুঁকিপূর্ণ আচরণের মধ্যে প্রধান হলো, পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল না খাওয়া।জরিপে দেখা গেছে, দেশের ৫৪ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ১ দশমিক ৩ শতাংশ নারী ধূমপান করে। ৯৭ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৯৪ দশমিক ১ শতাংশ নারী পরিমিত পরিমাণে ফল ও শাকসবজি খায় না। ১৩ শতাংশ পুরুষ ও ২১ দশমিক ৬ শতাংশ নারী স্থূল। ১৮ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ১৭ দশমিক ৩ জন নারী উচ্চ রক্তচাপে ভুগছে।